লিবার্টি নিউজের বিজ্ঞাপন ব্যবস্থাপনায় যুক্ত হলো যোভো টিম

Liberty News Desk

দেশের বিজ্ঞাপন সরবরাহ খাতে এক নতুন দিক উন্মোচন হলো। যোভো টিম লিমিটেড ও অনলাইনভিত্তিক সংবাদমাধ্যম লিবার্টি নিউজের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শনিবার (১৯ মে) রাজধানীর মিরপুরে লিবার্টি নিউজের নিজস্ব কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

চুক্তি অনুযায়ী, যোভো টিম লিমিটেড লিবার্টি নিউজের বিজ্ঞাপন সংগ্রহ, পরিচালনা ও পরিবেশনার দায়িত্ব পালন করবে। এই অংশীদারিত্বের ফলে লিবার্টি নিউজ তাদের ডিজিটাল প্ল্যাটফর্মে বিজ্ঞাপন সেবা আরও কার্যকরভাবে সম্প্রসারণ করতে পারবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে যোভো টিম লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (ম্যানেজিং ডিরেক্টর) মাহমুদ হাসান এবং মার্কেটিং ম্যানেজার তাহেরা আক্তার। অপরদিকে লিবার্টি নিউজের পক্ষে উপস্থিত ছিলেন নির্বাহী সম্পাদক আশরাফ উদ্দীন পিকু ও হেড অব নিউজ তারিক লিটু।

চুক্তি স্বাক্ষর শেষে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এই অংশীদারিত্বকে সময়োপযোগী এবং কার্যকর উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। তারা জানান, এই চুক্তির ফলে বিজ্ঞাপন দাতাদের জন্য আরও সুসংগঠিত ও পেশাদার সেবা নিশ্চিত করা যাবে।

যোভো টিম লিমিটেড বিগত কয়েক বছর ধরে বিজ্ঞাপন ও ব্র্যান্ড মার্কেটিংয়ের ক্ষেত্রে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে কাজ করে আসছে। অন্যদিকে লিবার্টি নিউজ একটি দ্রুত-বর্ধনশীল সংবাদমাধ্যম হিসেবে দেশ-বিদেশের পাঠকের কাছে জনপ্রিয়তা পাচ্ছে।

এই চুক্তি শুধু দুই প্রতিষ্ঠানের মধ্যকার একটি ব্যবসায়িক চুক্তি নয়, বরং দেশের ডিজিটাল মিডিয়া জগতে একটি নতুন উদাহরণ বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

এলএনডি/এনই

শেয়ার করুন