নাটকীয় জয়ে কোয়ার্টার ফাইনালে রিয়াল

Liberty News Desk

উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলর দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেটিকো মাদ্রিদের মধ্যকার লড়াইয়ে নাটকীয়তার কমতি ছিল না। গোল হজম, বাজে ফুটবল প্রদর্শনী, পেনাল্টি মিস এবং পিছিয়ে থেকে নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষ করা, এসব কিছুই ঠেকাতে পারেনি লস ব্লাঙ্কোসদের। টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে তারা।

প্রথম লেগে অ্যাতলেটিকোকে ২-১ গোলে হারায় রিয়াল। যদিও মেট্টোপলিতানো স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিরতি লেগের প্রথম মিনিটে কনর গালাগেরের গোলে পিছিয়ে পড়ে তারা। শুরুতে গোল হজম করে সফরকারীদের আত্মবিশ্বাসে ধাক্কা লাগে। মাঠে সেটার প্রতিফলন স্পষ্ট ছিল। নিজেদের হারিয়ে খুঁজতে থাকা রিয়াল নির্ধারিত সময়ে স্বাগতিকদের তেমন কোনো পরীক্ষাই নিতে পারেনি তারা৷

৬৮ মিনিটে মূল্যবান সুযোগ হাতছাড়া করে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নরা৷ কিলিয়ান এমবাপ্পে অ্যাতলেটিকোর ডি বক্সে ফাউলের শিকার হলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিক নিতে এসে হতাশা উপহার দেন ভিনিসিয়াস জুনিয়র। বল পোস্টের ওপর দিয়ে উড়িয়ে মারেন এই ব্রাজিলিয়ান। অতিরিক্ত ৩০ মিনিটের খেলায় খোলস থেকে বের হয়ে আসার চেষ্টা করে রিয়াল। যদিও গোলের শোধ দিতে পারেনি কার্লো আনচেলত্তির শিষ্যরা। দুই লেগ মিলে ২-২ গোলে সমতা থাকায় ম্যাচ টাইব্রেকারে গড়ায়।

টাইব্রেকারে রিয়ালের হয়ে প্রথম তিন শটেই গোল করেন কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহাম ও ফেদে ভালভার্দে। বিপরীতে প্রথম তিন শট থেকে দুটি গোল করতে পারে অ্যাতলেটিকো। বলতে গেলে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় স্বাগতিকদের হয়ে জুলিয়ান আলভারেজের করা দ্বিতীয় শটে। ডান পায়ে শট নেওয়ার আগে স্লিপ করে পড়ে যান আর্জেন্টাইন তরুণ। এজন্য তার বাঁ পাটাও বলে লাগে। তাই গোল হলেও ডাবল টাচের কারণে সেটা বাতিল করে দেন রেফারি। এই ঘটনার পর লুকাস ভাসকেসের শট ঠেকিয়ে অ্যাতলেটিকোর আশা বাঁচিয়ে রাখেন ওবলাক। যদিও চতুর্থ শট নিতে এসে গোল করতে ব্যর্থ হন লরেন্তে। তাই পরের শটে রুডিগার গোল করতেই জয় উৎসব শুরু হয় রিয়াল শিবিরে।

পিএসভি আইন্দহোভেনের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে আর্সেনাল। এর আগে প্রথম লেগে ৭-১ গোলে জিতেছিল গানাররা। দুই লেগ মিলিয়ে ৯-৩ গোলে এগিয়ে থেকে পরের পর্বে জায়গা করে নিয়েছে আর্সেনাল।

প্রথম লেগে লিলের সঙ্গে ১-১ গোলে ড্র করে বুরুশিয়া ডর্টমুন্ড। এ যাত্রায় ফরাসি ক্লাবটিকে ২-১ গোলে হারিয়েছে তারা। দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে জার্মানির প্রতিনিধিরা। অপর ম্যাচে ক্লাব ব্রাগাকে ৩-০ গোলে হারিয়েছে অ্যাস্টন ভিলা। এর আগে প্রথম লেগে ইংলিশ ক্লাবটি জিতেছিল ৩-১ ব্যবধানে। ৬-১ গোলের অগ্রগামিতায় অনায়াসেই শেষ আটে পৌঁছে গেছে তারা।

একনজরে ফল:

রিয়াল মাদ্রিদ ৪-২ অ্যাতলেটিকো মাদ্রিদ (টাইব্রেকার)
আর্সেনাল ২-২ আইন্দহোভেন
বুরুশিয়া ডর্টমুন্ড ২-১ লিল
অ্যাস্টন ভিলা ৩-০ ক্লাব ব্রাগা

এলএলডি/ এসএইচ

শেয়ার করুন