ডব্লিউডব্লিউই-কে বিদায় জানালেন কিংবদন্তি জন সিনা

Liberty News Desk

ডব্লিউডব্লিউই ইতিহাসের অন্যতম সফল ও সম্মানিত রেসলার জন সিনা আনুষ্ঠানিকভাবে রিং থেকে বিদায় নিয়েছেন। এক বছর ধরে চলা বিদায়ী সফরের শেষ অধ্যায়ে ‘স্যাটারডে নাইটস মেইন ইভেন্ট’-এ নিজের ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেন তিনি। ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল ওয়ান অ্যারেনায় ১৯ হাজারের বেশি দর্শকের সামনে আবেগঘন সেই লড়াইয়ে গুন্থারের কাছে পরাজিত হন ১৭ বারের বিশ্ব চ্যাম্পিয়ন সিনা।

শেষ ম্যাচে গুন্থারের কাছে ট্যাপ আউট করেন সিনা, যা তার দীর্ঘ ক্যারিয়ারে মাত্র চতুর্থবার। উল্লেখযোগ্যভাবে, প্রায় ২১ বছর পর তিনি আবার ট্যাপ আউট করলেন। এর আগে ২০০৪ সালে কার্ট অ্যাঙ্গেলের বিপক্ষে একই পরিণতি হয়েছিল তার।

ম্যাচের বিভিন্ন পর্যায়ে সিনা তার পরিচিত সিগনেচার মুভ—‘ফাইভ নাকল শাফল’ ও ‘অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট’ প্রয়োগের চেষ্টা করেন। তবে ‘রিং জেনারেল’ খ্যাত গুন্থারের ধারাবাহিক স্লিপার হোল্ডে শেষ পর্যন্ত নিজেকে ধরে রাখতে পারেননি তিনি। কয়েকবার গ্রিপ ছুটিয়ে বেরিয়ে এলেও শেষ মুহূর্তে ক্যামেরার দিকে তাকিয়ে হালকা হাসি দিয়ে ট্যাপ আউট করেন সিনা।

ম্যাচ শেষে গুন্থার রিং ত্যাগ করলে ডব্লিউডব্লিউই লকার রুমের প্রায় সব রেসলার রিংয়ে এসে জন সিনাকে শেষ শ্রদ্ধা জানান। ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন সিএম পাঙ্ক ও আনডিসপিউটেড ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন কোডি রোডস প্রতীকীভাবে সিনার কাঁধে তাদের চ্যাম্পিয়নশিপ বেল্ট পরিয়ে দেন।

তবে দর্শকদের প্রতিক্রিয়া ছিল বিভক্ত। ডব্লিউডব্লিউই-এর চিফ কনটেন্ট অফিসার পল ‘ট্রিপল এইচ’ লেভেস্কে মঞ্চে উপস্থিত হলে একাংশ দর্শক তাকে দুয়ো দেয় এবং ‘বুলশিট’ ও ‘ইউ ফ***ড আপ’ স্লোগানে অসন্তোষ প্রকাশ করে।

এরপর বড় পর্দায় প্রদর্শিত হয় জন সিনার বর্ণাঢ্য ক্যারিয়ারের স্মরণীয় মুহূর্ত নিয়ে একটি ভিডিও মন্টাজ, যেখানে বিভিন্ন সময়ের প্রতিদ্বন্দ্বী রেসলারদের পাশাপাশি সাবেক ডব্লিউডব্লিউই প্রধান ভিন্স ম্যাকমাহনের একটি পুরোনো ক্লিপও দেখানো হয়।

বিদায়ের প্রতীকী মুহূর্তে সিনা তার জুতো ও কবজির ব্যান্ড খুলে রিংয়ের মাঝখানে রেখে দেন। দর্শকদের অভিবাদন জানাতে জানাতে র‌্যাম্পের দিকে হাঁটার সময় ক্যামেরার দিকে তাকিয়ে শেষবারের মতো বলেন, ‘এত বছর আপনাদের সেবা করতে পেরে আমি গর্বিত। ধন্যবাদ।’

এরপর ধীরে ধীরে আলো নিভে যায়, আর জন সিনার রিং-যাত্রার চূড়ান্ত পরিসমাপ্তি ঘটে।

উল্লেখ্য, ২০২৫ সালে এটি গুন্থারের দ্বিতীয়বার কোনো কিংবদন্তির বিদায়ী ম্যাচে জয়। এর আগে তিনি বিল গোল্ডবার্গকেও তার শেষ ম্যাচে পরাজিত করেছিলেন।

এই পরাজয়ের মধ্য দিয়ে শেষ হলো জন সিনার ঘটনাবহুল ২০২৫ সাল। মার্চে এলিমিনেশন চেম্বারে প্রথমবারের মতো হিল চরিত্রে রূপ নেন তিনি। এরপর রেসলম্যানিয়ায় কোডি রোডসকে হারিয়ে আনডিসপিউটেড শিরোপা জিতে ইতিহাসে সর্বোচ্চ বিশ্ব শিরোপাধারী হন। সামারস্ল্যামে রোডস শিরোপা পুনরুদ্ধার করেন। আর বস্টনে নিজ শহরে ডমিনিক মিস্টেরিওকে হারিয়ে পাওয়া শিরোপাটিই হয়ে থাকে সিনার ক্যারিয়ারের শেষ চ্যাম্পিয়নশিপ।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন