সিরিজ জিতে বিশ্বকাপ প্রস্তুতি সারল বাংলাদেশ

Liberty News Desk

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি–টোয়েন্টি সিরিজের শেষ ও তৃতীয় ম্যাচে ৮ উইকেটের বড় জয় তুলে নিয়েছে বাংলাদেশ দল। এর ফলে ২–১ ব্যবধানে সিরিজ জিতে নেয় টাইগাররা। ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে এই জয় লাল–সবুজ শিবিরকে বাড়তি আত্মবিশ্বাস দেবে।

মঙ্গলবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুপুর ২টায় শুরু হওয়া ম্যাচে প্রথমে ব্যাট করে ১৯.৫ ওভারে ১১৭ রানে অলআউট হয় সফরকারী আয়ারল্যান্ড। জবাবে ব্যাট হাতে ঝড় তোলেন ওপেনার তানজিদ তামিম। তার দারুণ হাফসেঞ্চুরিতে মাত্র ২ উইকেট হারিয়ে এবং ৩৮ বল হাতে রেখে জয়ের লক্ষ্য স্পর্শ করে বাংলাদেশ।

১১৮ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে সূচনাতে তানজিদ ও সাইফ হাসান ৪ ওভারে ৩৮ রানের জুটি গড়েন। তবে সাইফ বড় ইনিংস খেলতে পারেননি—১৪ বলে ১৯ রান করে ক্রেইগ ইয়ংয়ের বলে বিদায় নেন তিনি।

এরপর অধিনায়ক লিটন দাসও বেশিক্ষণ টিকতে পারেননি। ৭ রান করে হ্যারি টেক্টরের হাতে শিকার হন তিনি। তবে এরপর আর কোনো বিপদ হতে দেননি তানজিদ তামিম ও পারভেজ হোসেন ইমন। তারা তৃতীয় উইকেটে ৫০ বল থেকে অপরাজিত ৭৩ রানের পার্টনারশিপ গড়ে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। তানজিদ ৩৬ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৫৫ রানে অপরাজিত থাকেন, আর ইমন ২৬ বলে একটি চার ও ৩ ছক্কায় ৩৩ রানের নটআউট ইনিংস উপহার দেন।

এর আগে টস জিতে ব্যাটিং নেয় আয়ারল্যান্ড। ইনিংসের শুরুতে পল স্টার্লিং ও টিম টেক্টর ৪ ওভারে ৩৮ রান যোগ করেন। টেক্টরকে বোল্ড করে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন শরীফুল ইসলাম। টেক্টর করেন ১০ বলে ১৭ রান।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আইরিশ ব্যাটাররা। ওপেনার ও অধিনায়ক স্টার্লিং সর্বোচ্চ ৩৮ রান করেন ২৭ বলে, যার মধ্যে ছিল ৫টি চার ও ১টি ছক্কা।

বাংলাদেশি বোলারদের ধারালো বোলিংয়ে আয়ারল্যান্ড আর ঘুরে দাঁড়াতে পারেনি। শরীফুলের দ্বিতীয় শিকার হয়ে ১৯ রান করেন গ্যারেথ ডেলানি।

বাংলাদেশের বোলারদের মধ্যে মোস্তাফিজুর রহমান এবং রিশাদ হোসেন ৩টি করে উইকেট ঝুলিতে ভরেন।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন