গোল হোক কিংবা অ্যাসিস্ট—লিওনেল মেসি যেন অপরাজেয় ধারায়ই এগিয়ে চলেছেন। আর্জেন্টাইন এই মহাতারকার দুর্দান্ত পারফরম্যান্সে ইন্টার মায়ামি অভূতপূর্ব সাফল্য অর্জন করে প্রথমবারের মতো এমএলএস প্লে-অফের ফাইনালে উঠেছে।
সোমবার (২৪ নভেম্বর) ইস্টার্ন কনফারেন্সের সেমিফাইনালে মায়ামি ৪-০ গোলের বড় ব্যবধানে এফসি সিনসিনাটিকে হারায়। ম্যাচের সব গোল-অ্যাসিস্ট এসেছে তিন আর্জেন্টাইন ফুটবলারের পা থেকে। মেসি একটি গোলের পাশাপাশি করেন টানা তিনটি অ্যাসিস্ট। তাদিও আলেন্দে জোড়া গোল করেন এবং উদীয়মান উইঙ্গার মাতেও সিলভেত্তি একটি গোল ও একটি অ্যাসিস্ট যোগ করেন।
ম্যাচের শুরুতে বল দখলে কিছুটা পিছিয়ে থাকলেও, সুযোগ কাজে লাগানোর দক্ষতায় এগিয়ে যায় মায়ামি। ১৯ মিনিটে সিলভেত্তির নিখুঁত ক্রসে মাথা ছুঁইয়ে গোল করেন মেসি। এই গোলের মাধ্যমে এমএলএস-এ চলতি মৌসুমে তার গোল সংখ্যা দাঁড়ায় ৩৫। ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় মায়ামি।
দ্বিতীয়ার্ধে পুরো নিয়ন্ত্রণ নেয় মায়ামি। ৫৭ মিনিটে মেসির অ্যাসিস্টে সিলভেত্তি গোল করেন। এরপর ৬২ মিনিটে মেসির থ্রু-পাস ধরে আলেন্দে তৃতীয় গোলটি যোগ করেন। ৭৪ মিনিটে আবারও মেসির ম্যাজিক পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন এই আর্জেন্টাইন উইঙ্গার।
এই জয়ে মেসি পৌঁছে গেছেন ফুটবল ইতিহাসের আরেক অনন্য রেকর্ডে। স্বদেশী খেলোয়াড়দের অ্যাসিস্ট করে তার মোট সহায়তা সংখ্যা দাঁড়িয়েছে ৪০৪—যেখানে ফেরেঞ্চ পুসকাসের সঙ্গে তিনি যৌথভাবে ইতিহাসের শীর্ষে।
শেষ পর্যন্ত ৪-০ ব্যবধানে জিতে প্রথমবারের মতো ইস্টার্ন কনফারেন্স ফাইনালে নাম লেখায় ইন্টার মায়ামি।
এলএনডি/এমআর






