ব্যাটিং ব্যর্থতা দিয়ে সিরিজের শুরু, আর শেষ হলো বোলিং ও ফিল্ডিং বিপর্যয়ে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে বাংলাদেশ হোয়াইটওয়াশ হয়েছে ৩–০ ব্যবধানে।
আফগানিস্তানের বিপক্ষে যেভাবে একই ব্যবধানে জিতেছিল বাংলাদেশ, এবার ঘরের মাঠেই সেই ফলের উল্টোটা দেখতে হলো। এই জয়ে ক্যারিবিয়ানরা ইতিহাস গড়েছে—তাদের টি–টোয়েন্টি ইতিহাসে এটি প্রথমবারের মতো ঘরের বাইরে ৩–০ ব্যবধানে সিরিজ জয়। এর আগে ২০২০ সালে শ্রীলঙ্কায় ২–০ ব্যবধান ছিল তাদের সেরা ‘অ্যাওয়ে’ সাফল্য।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আগে ব্যাট করে বাংলাদেশ গড়তে পারে মাত্র ১৫১ রান, যদিও ওপেনার তানজিদ হাসান তামিম খেলেন দুর্দান্ত ৮৯ রানের ইনিংস। দলের বাকি ব্যাটাররা কেউই দাঁড়াতে পারেননি।
১৫২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজও শুরুতে কিছুটা বিপাকে পড়ে—৫২ রানে হারায় তিন উইকেট। তবে রোস্টন চেজ ও আকিম অগাস্তের জুটিই ম্যাচ ঘুরিয়ে দেয়। তারা মিলে মাত্র ৪৬ বলে ৯১ রানের জুটি গড়েন, যা জয় নিশ্চিত করে দেয় প্রায় একাই।
চেজ ২৯ বলে ৫০ রান করে আউট হন, আর অগাস্তে ২৫ বলে সমান ৫০ রান করেন ১টি চার ও ৫টি ছক্কার সাহায্যে। শেষদিকে রিশাদ হোসেন দুজনকে ফেরালেও রোভম্যান পাওয়েল ও গুড়াকেশ মোতি সহজেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
বাংলাদেশের ইনিংসে তানজিদের পর দ্বিতীয় সর্বোচ্চ রান আসে সাইফ হাসানের ব্যাটে—২৩। বাকিদের কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। শেষদিকে তাসকিন আহমেদ ৪ বলে ৯ রান যোগ করেন।
ক্যারিবিয়ানদের হয়ে সবচেয়ে সফল ছিলেন রোমারিও শেফার্ড, যিনি হ্যাটট্রিকসহ ৩ উইকেট নেন। ইনিংসের শেষ ওভারে পরপর তানজিদ ও শরীফুলকে আউট করে হ্যাটট্রিক সম্পন্ন করেন তিনি। এর আগে নিজের আগের ওভারের শেষ বলে তিনি নুরুল হাসান সোহানকে ফেরান।
এলএনডি/এমআর






