মাত্র ১৫০ রানের টার্গেটও নাগালের বাইরে চলে গেল লিটন দাসদের জন্য। তুলনামূলক সহজ লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৩৫ রানে থেমেছে বাংলাদেশ, ফলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হার নিশ্চিত হলো লাল-সবুজদের।
শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ২১ রান। কিন্তু ক্যারিবীয় স্পিনার আকিল হোসেনের নিখুঁত লেন্থ ও ভ্যারিয়েশনে বাংলাদেশের শেষ জুটি কোনো বাউন্ডারি তুলতেই পারেননি। উল্টো রিশাদ হোসেন ও নাসুম আহমেদ আউট হয়ে ফেরেন, আর তাতেই শেষ হয়ে যায় লিটনদের লড়াই।
ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ ২০ ওভারে ৮ উইকেটে করে ১৩৫ রান। ফলে সিরিজে ২–০ ব্যবধানে পিছিয়ে এখন শুধু মর্যাদা রক্ষার লড়াই বাকি লিটনদের সামনে।
এর আগে টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। দুর্দান্ত সূচনা পায় স্বাগতিকরা—প্রথম ১১ ওভারে মাত্র একটি উইকেট হারিয়ে তোলে ১০৫ রান। তবে ইনিংসের মাঝপথে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। নাসুম আহমেদ টানা দুই বলে দুই সেট ব্যাটারকে ফেরালে ম্যাচে ফিরে আসে দল। এরপর রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমানও বোলিংয়ে চাপে রাখেন ক্যারিবীয়দের। শেষ ৯ ওভারে মাত্র ৪৪ রান তুলতে পারে ওয়েস্ট ইন্ডিজ, হারায় ৮ উইকেট।
তবে ব্যাট হাতে ব্যর্থতার পুনরাবৃত্তি ঘটে বাংলাদেশের। ধীরগতির শুরুতেই চাপ বাড়ে দলের ওপর। ওপেনার সাইফ হাসান (১১ বলে ৫) ও লিটন দাস (১৫) দ্রুত ফেরেন। এরপর কিছুটা লড়াই করেন তানজিদ হাসান, যিনি চারটি জীবন পেয়ে ৪৮ বলে খেলেন ৬১ রানের ইনিংস।
কিন্তু অন্য প্রান্তে কেউই টিকে থাকতে পারেননি। তাওহীদ হৃদয় (১৮), জাকের আলী (১৭), শামীম, রিশাদ কিংবা তানজিম—কেউই দলের ইনিংস এগিয়ে নিতে পারেননি।
১৬ ওভার শেষে সমীকরণ ছিল ৪২ রান প্রয়োজন, হাতে ৭ উইকেট। কিন্তু শেষ ২৪ বলে আসে মাত্র ২৯ রান, হারায় ৫ উইকেট।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে আকিল হোসেন (২/১৭) ও রোমারিও শেফার্ড (২/২৩) ছিলেন সবচেয়ে সফল বোলার। বিশেষ করে আকিলের শেষ ওভারের নিখুঁত বোলিংই শেষ করেছে বাংলাদেশের জয়ের আশা।
প্রথম ম্যাচে ১৬ রানের হার, আর এবার ১৪ রানে পরাজয়—ফলে সিরিজ ২–০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শুক্রবারের তৃতীয় টি–টোয়েন্টি এখন বাংলাদেশের জন্য কেবল মর্যাদা রক্ষার ম্যাচ।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ১৪৯/৯ (হোপ ৫৫, অ্যাথানেজ ৫২; মোস্তাফিজ ৩/২১, রিশাদ ২/২০, নাসুম ২/৩৫)
বাংলাদেশ: ১৩৫/৮ (তানজিদ ৬১, জাকের ১৭; আকিল ২/১৭, হোল্ডার ২/২৩)
ফলাফল: ওয়েস্ট ইন্ডিজ জয়ী ১৪ রানে; সিরিজে এগিয়ে ২–০
এলএনডি/এমআর






