২০২৬ বিশ্বকাপ খেলা নিয়ে যা বললেন মেসি

Liberty News Desk
ছবি : সংগৃহীত

দীর্ঘ প্রায় দুই দশকের আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারে এখনো নতুন চ্যালেঞ্জের খোঁজে লিওনেল মেসি। আর্জেন্টিনার হয়ে ২০২২ সালের বিশ্বকাপ জয় করা এই কিংবদন্তি ফুটবলার জানিয়েছেন, ২০২৬ সালের উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে খেলতে চান তিনি—তবে বয়স ও শারীরিক ফিটনেসই নির্ধারণ করবে তিনি মাঠে নামবেন কি না।

সম্প্রতি মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন মেসি। আগামী জুনে ৩৯ বছরে পা রাখবেন তিনি, তবুও এখনই অবসরের কথা ভাবছেন না এই আর্জেন্টাইন মহাতারকা।

এনবিসি নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফরোয়ার্ড বলেন, আগামী বছর নিজের শরীর ও পারফরম্যান্স মূল্যায়ন করে এরপরই সিদ্ধান্ত নেবেন তিনি ২০২৬ বিশ্বকাপে অংশ নেবেন কি না।

মেসির ভাষায়, “বিশ্বকাপে খেলা সবসময়ই অসাধারণ অভিজ্ঞতা। আমি সেখানে থাকতে চাই, তবে সেটা নির্ভর করবে আমি কতটা প্রস্তুত ও ফিট আছি তার ওপর।”

তিনি আরও বলেন, “আমি চাই দলে থেকে কার্যকর ভূমিকা রাখতে। ইন্টার মায়ামির সঙ্গে নতুন মৌসুমের প্রস্তুতি শুরু হলে প্রতিদিন নিজের ফিটনেস যাচাই করব। যদি দেখি আমি শতভাগ দিতে পারি, তখনই সিদ্ধান্ত নেব।”

মেসি জানান, “বিশ্বকাপ তো সবসময়ই স্বপ্নের জায়গা। আগেরবার আমরা শিরোপা জিতেছি, এবার সেটি ধরে রাখার সুযোগ পাওয়া রোমাঞ্চকর। জাতীয় দলের হয়ে খেলা আমার কাছে এখনও সবচেয়ে বড় আনন্দ।”

২০০৪ সালে মাত্র ১৭ বছর বয়সে বার্সেলোনার হয়ে পেশাদার ফুটবলে অভিষেক হয় মেসির। এরপর প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) তে দুই মৌসুম খেলে ২০২৩ সালে যোগ দেন ইন্টার মায়ামিতে। তার আগমনে যুক্তরাষ্ট্রে ফুটবলের জনপ্রিয়তা বেড়েছে বহুগুণ, বিশেষ করে ২০২৬ বিশ্বকাপের আগে এটি বিশাল প্রভাব ফেলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

দীর্ঘ ক্যারিয়ারে অগণিত ক্লাব ও ব্যক্তিগত সাফল্য থাকলেও জাতীয় দলের হয়ে বড় শিরোপার অভাব ছিল মেসির জীবনে। সেই অপূর্ণতা দূর হয় ২০২১ সালের কোপা আমেরিকা জয় এবং ২০২২ সালের কাতার বিশ্বকাপে ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারানোর মাধ্যমে।

মেসি বলেন, “বিশ্বকাপ জয় আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। এটা ছিল আজীবনের স্বপ্ন, যা অবশেষে পূরণ হয়েছে। ক্লাব পর্যায়ে প্রায় সবকিছুই জিতেছি, কিন্তু বিশ্বচ্যাম্পিয়ন হওয়াটাই ছিল আমার সবচেয়ে বড় লক্ষ্য।”

এ পর্যন্ত আর্জেন্টিনার হয়ে ১৯৫ ম্যাচে রেকর্ড ১১৪ গোল করেছেন মেসি। যদি তিনি ২০২৬ বিশ্বকাপে অংশ নেন, তবে সেটি হবে তার ষষ্ঠ বিশ্বকাপ অংশগ্রহণ।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন