বাংলাদেশের ফুটসাল যাত্রা শুরু হলো মালয়েশিয়ায় অনুষ্ঠিত এশিয়ান ফুটসাল বাছাইপর্ব দিয়ে। তবে অভিষেক ম্যাচেই ভয়ঙ্কর প্রতিপক্ষ ইরানের বিপক্ষে বড় ব্যবধানে হেরে যায় লাল-সবুজরা। টুর্নামেন্টের বর্তমান ও সর্বোচ্চ ১৩ বারের চ্যাম্পিয়ন ইরান বিশ্ব র্যাঙ্কিংয়েও পঞ্চম স্থানে। তাদের বিপক্ষে প্রথম ম্যাচে একেবারেই দাঁড়াতে পারেনি বাংলাদেশ, ফলাফল ১২-০ গোল। আগামী সোমবার গ্রুপ ‘জি’-এর দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।
কানাডা প্রবাসী রাহবার খান, যিনি আগে জেমি ডে’র অধীনে জাতীয় ফুটবল দলে খেলেছিলেন, ফুটসাল দলের অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেন অভিষেক ম্যাচে। গোলপোস্ট সামলান জাহিদ হাসান রাব্বি। পাঁচজনের দলে আরও ছিলেন মাহমুদুল হাসান কিরন, মোস্তফা চৌধুরি ও কাজী ইব্রাহিম। পরবর্তীতে বদলি খেলোয়াড়রাও মাঠে নামেন।
শুরুর দিকে ইরানকে আটকানোর চেষ্টা করলেও ১০তম মিনিটে শবরন শাকিলের ভুলে হোসেইন সাবজি গোল করলে ম্যাচের গতিপথ পাল্টে যায়। এরপর একে একে হোসেইন তায়েবি (দুই গোল), মোহম্মদ হোসেইন বাজিয়ার, ইউসুফ এবং বেহরুজ আজিমিহেমাতাবাদি গোল করে বিরতির আগেই ব্যবধান দাঁড়ায় ৬-০।
দ্বিতীয়ার্ধেও গোলের বন্যা বইয়ে দেয় ইরান। ২১ মিনিটে বাজিয়ার, ৩২ মিনিটে মোহম্মদ হোসেইন দেরাখশানি, ৩৫ মিনিটে সাঈদ মোমেনি, ৩৭ মিনিটে মাহদি কারিমি এবং ৩৮ মিনিটে গোলামির গোল যোগ হলে স্কোরলাইন দাঁড়ায় ১২-০ তে।
বাংলাদেশ দল দেড় মাস ধরে ইরানি কোচ সাঈদ খোদারাহমির অধীনে প্রস্তুতি নিলেও ঢাকায় ফুটসাল কোর্টের অভাবে পূর্ণাঙ্গ অনুশীলন সম্ভব হয়নি। পরে কুয়ালালামপুরে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে অনুশীলন করে দল। তবে প্রথম আন্তর্জাতিক ম্যাচে অভিজ্ঞতার অভাব স্পষ্ট হয়েছে বাংলাদেশের খেলায়।
এলএনডি/এমআর






