টটেনহ্যাম হটস্পার ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য দেখালেও অবিশ্বাস্যভাবে জয়ের হাসি হাসল প্যারিস সেন্ট জার্মেই। ইতালির উদিনে বুধবার রাতে অনুষ্ঠিত উয়েফা সুপার কাপের ফাইনালে নির্ধারিত সময়ে ২-২ গোলের সমতা থাকায় টাইব্রেকারে গিয়ে ৪-৩ ব্যবধানে জয় তুলে নেয় ফরাসি চ্যাম্পিয়নরা। এটাই তাদের প্রথম সুপার কাপ শিরোপা।
৮৪ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল টটেনহ্যাম। ৩৯তম মিনিটে ডাচ ডিফেন্ডার মিকি ফন দে ফেন দলকে এগিয়ে দেন। বায়ার্ন মিউনিখ থেকে ধারে আসা জোয়াও পালিনিয়ার শট পোস্টে লেগে ফিরলে, ফিরতি বল জালে পাঠান তিনি।
দ্বিতীয়ার্ধের শুরুতে (৪৮ মিনিটে) পেদ্রো পারোর ফ্রি-কিক থেকে হেডে গোল করেন অধিনায়ক ক্রিস্তিয়ান রোমেরো।
তবে শেষ দিকে দারুণ প্রত্যাবর্তন ঘটায় পিএসজি। ৮৫তম মিনিটে দক্ষিণ কোরিয়ার লি কাং-ইন নিচু শটে ব্যবধান কমান। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে উসমান দেম্বেলের ক্রসে হেড করে গোল করেন গন্সালো রামোস।
টাইব্রেকারে পিএসজির প্রথম শট পোস্টে লাগালেও বাকি চারটি প্রচেষ্টায় তারা সফল হয়। বিপরীতে টটেনহ্যামের দুটি শট লক্ষ্যভ্রষ্ট হয়—ফন দে ফেনের শট রুখে দেন নতুন গোলরক্ষক লুকাহ শুভালিয়ে, আর মাথিয়াস তেল মেরে বসেন বাইরে। ফলে ৪-৩ ব্যবধানে শিরোপা যায় পিএসজির হাতে।
এই জয়ের মাধ্যমে প্রথমবারের মতো কোনো ফরাসি ক্লাব সুপার কাপ জিতল। কয়েক মাস আগেই চ্যাম্পিয়ন্স লিগ জিতে ইতিহাস গড়েছিল তারা। অন্যদিকে, মে মাসে ইউরোপা লিগে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে দীর্ঘ ১৭ বছরের শিরোপা খরা কাটিয়েছিল টটেনহ্যাম, কিন্তু মাত্র কয়েক মাসের ব্যবধানে আরেকটি শিরোপা হাতছাড়া করল লন্ডনের ক্লাবটি।
টমাস ফ্র্যাঙ্কের অধীনে এটি ছিল টটেনহ্যামের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ এবং রোমেরোর অধিনায়কত্বের সূচনা। তবে উজ্জ্বল শুরুর পরও শেষ মুহূর্তে হার তাদের জন্য হতাশাজনকই। ম্যাচে পিএসজি ৭৪ শতাংশ বল দখলে রাখলেও প্রথমার্ধে কার্যকর কোনো শট নিতে পারেনি। দ্বিতীয়ার্ধে তারা আটটি শট নেয়, যার তিনটি ছিল লক্ষ্যে। টটেনহ্যাম পুরো ম্যাচে ১৩টি শট নেয়, যার পাঁচটি লক্ষ্যে যায়।
গত মাসে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসির কাছে ৩-০ গোলে হারা পিএসজি এবার ইংলিশ প্রতিপক্ষের বিপক্ষে সুপার কাপ জিতে নতুন মৌসুম শুরু করল এক নাটকীয় ও স্মরণীয় জয়ের মাধ্যমে।
এলএনডি/এমআর






