প্রথম ম্যাচে লাওসকে হারিয়ে আসরে শুভ সূচনা করেছিল বাংলাদেশ নারী অনূর্ধ্ব-২০ দল। দ্বিতীয় ম্যাচেও সেই জয়ের ধারা ধরে রেখেছে টাইগ্রেসরা। শুক্রবার ভিয়েনতিয়েনের নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত বাছাইপর্বের খেলায় পূর্ব তিমুরকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে আফিদাদের দল। তৃষ্ণা রানী করেছেন হ্যাটট্রিক।
খেলার শুরুতে প্রথম ১৫ মিনিটে গোলের দেখা পায়নি বাংলাদেশ। মাঝমাঠ থেকে বেশ কিছু আক্রমণ সাজালেও ফিনিশিংয়ের ঘাটতিতে সুযোগ হাতছাড়া হয়। তবে ২০তম মিনিটে স্বপ্না রানীর কর্নার থেকে শিখার নিখুঁত হেডে আসে প্রথম গোল। ৩৩ মিনিটে শান্তি মার্ডি কর্নার থেকে সরাসরি বল জালে পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করেন।
৩৬ মিনিটে আবার কর্নার থেকে গোল—এবার মার্ডির নেওয়া কর্নারে নবীরণ খাতুনের হেডে স্কোরলাইন হয় ৩-০। প্রথমার্ধের যোগ করা সময়ে সাগরিকার কাটব্যাক থেকে তৃষ্ণা রানী গোল করে ব্যবধান ৪-০ তে নিয়ে যান।
দ্বিতীয়ার্ধে পুরোপুরি নিয়ন্ত্রণ ধরে রাখে বাংলাদেশ। ৫৭ মিনিটে জটলার ভেতর থেকে তৃষ্ণার দ্বিতীয় গোল আসে। ৭৩তম মিনিটে আগের ম্যাচের জোড়া গোলদাতা সাগরিকা থ্রু পাস ধরে গোলরক্ষককে কাটিয়ে স্কোর বাড়ান।
৮১ মিনিটে সাগরিকার আড়াআড়ি পাস থেকে তৃষ্ণা রানী হ্যাটট্রিক পূরণ করেন। শেষ বাঁশির আগে মুনকি আক্তারের ডান পায়ের শটে জালে বল জড়িয়ে বাংলাদেশ বড় জয় নিশ্চিত করে।
টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাংলাদেশ ৩-১ গোলে হারিয়েছিল স্বাগতিক লাওসকে। টানা দুই জয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে আফিদাদের দল।
আগামী রোববার (১০ আগস্ট) গ্রুপের শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়ার।
এলএনডি/এমআর






