জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে এবং জুলাই হত্যাকাণ্ডের বিচার চলাকালীন তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে।
শুক্রবার রাতে বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, “জুলাই হত্যাকাণ্ডের বিচারের দৃশ্যমান অগ্রগতি দেখতে চাই। খুনিদের বিচারের কার্যক্রম স্বচ্ছ ও সুস্পষ্ট হতে হবে।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, “প্রথমেই আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে। তাদের দোষ স্বীকার করতে হবে, এরপর তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা হতে পারে।”
তিনি আরও বলেন, “দেশের ভবিষ্যৎ কোন পথে যাবে, তা রাজনীতিবিদরাই নির্ধারণ করবেন।”
সদস্য সচিব আখতার হোসেন বলেন, “সাত মাস আগে দেশ ফ্যাসিবাদের কবলে ছিল। ছাত্র-জনতার আন্দোলন আমাদের আওয়ামী লীগের দমননীতি থেকে মুক্ত করেছে। আমরা ভেবেছিলাম তাদের অধ্যায় শেষ, কিন্তু এখন রাষ্ট্রীয় বিভিন্ন পর্যায়ে তাদের পুনর্বাসনের চেষ্টা চলছে।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদীব, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম এবং সিনিয়র সদস্য সচিব ডা. তাসনিন জারা প্রমুখ।
এলএনডি/বিজি






