১২ দলীয় জোট নিয়ে ভুল বুঝাবুঝির অবসানের জন্য আগামীকাল সোমবার জোটটির বৈঠক ডাকা হয়েছে। এদিন বিকেল ৪টায় জোটের অন্যতম শরিক দল জাতীয় পার্টির (জাফর) রাজধানীর খিলগাঁওয়ে অবস্থিত কার্যালয়ে এ বৈঠক হবে।
১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার লিবার্টি নিউজকে বলেন, এ বৈঠকের মধ্যদিয়ে জোটের মধ্যে যে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে, তার অবসান হবে আশা করছি।
তিনি জানান, বৈঠকের পর ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।
জাতীয় পার্টির (জাফর) মহাসচিব আহসান হাবীব লিংকন লিবার্টি নিউজকে বলেন, সোমবার ৪টায় খিলগাঁও আমাদের দলের চেয়ারম্যানের কার্যালয়ে বৈঠকটি হবে।
উল্লেখ্য, গত শনিবার জাতীয় পার্টির নির্বাহী কমিটির বৈঠকে দলের নেতারা ১২ দলীয় জোটের কয়েকটি দলের নেতাদের কর্মকাণ্ড নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তারা প্রয়োজনে জোট থেকে বেরিয়ে স্বতন্ত্রভাবে বিএনপির নেতৃত্বে আন্দোলন-সংগ্রাম করার কথা বলেন।
এরপরই ১২ দলীয় জোটের প্যাডে জোটটির মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম এক বিবৃতিতে বলেন, মিডিয়া মারফত ১২ দলীয় জোট নিয়ে বিভ্রান্তিক খবর এসেছে। এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে। তবে আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, ১২ দলীয় জোট গণতন্ত্র পুনরুদ্ধার লড়াইয়ে ছিল, আছে এবং আগামীতে যে কোনো রাজপথে সক্রিয় থাকবে।
উল্লেখ্য, বারো দলীয় জোট হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘যুগপৎ আন্দোলন’-এর লক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির সমমনা ১২টি দল নিয়ে গঠিত সরকার-বিরোধী জোট। পূর্ববর্তী বিশ দলীয় জোট ভেঙে দিয়ে ২০২২ সালের ২২ ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে এই জোট গঠন করা হয়।
এলএনডি/এসএইচ






