এখন সময় রুখে দাঁড়াবার : মির্জা ফখরুল

Liberty News Desk
ছবি : সংগৃহীত

সংবাদমাধ্যমে হামলাকে গণতন্ত্র ও জুলাই বিপ্লবের চেতনার ওপর সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন আর শুধু সচেতন থাকলেই হবে না—অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় এসেছে।

সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সম্পাদক পরিষদের আয়োজনে ‘মব ভায়োলেন্স’ বা সংঘবদ্ধ সহিংসতা বিরোধী এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর হতাশা ও উদ্বেগ প্রকাশ করে ৭৮ বছর বয়সি এই রাজনীতিক বলেন, তিনি বুঝতে পারছেন না আজ কোন বাংলাদেশের মুখোমুখি দাঁড়িয়ে আছেন। তার ভাষায়, সারাজীবন যে স্বাধীন, সার্বভৌম ও গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্নে রাজনীতি করেছেন, বর্তমান বাস্তবতা সেই স্বপ্নের সঙ্গে মিলছে না।

মির্জা ফখরুল বলেন, তিনি কোনো রাজনৈতিক হিসাব নিয়ে নয়, বিশ্বাস ও বিবেকের তাগিদেই এই সভায় অংশ নিয়েছেন। এ বিষয়ে তার অবস্থান অত্যন্ত স্পষ্ট বলেও মন্তব্য করেন তিনি।

প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, এটি শুধু কোনো একটি বা দুটি সংবাদমাধ্যমের ওপর হামলা নয়, বরং গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত। স্বাধীনভাবে চিন্তা করা ও মত প্রকাশের অধিকার ক্ষুণ্ন করার চেষ্টা হিসেবেই তিনি এ ঘটনাকে দেখছেন।

তিনি আরও বলেন, এই হামলার মধ্য দিয়ে জুলাই বিপ্লবের চেতনার ওপরও আঘাত এসেছে। জুলাই আন্দোলন ছিল মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম, আর সেই অর্জনের ভিত্তিতেই আজ আঘাত হানা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

রাজনৈতিক বিভাজন ভুলে সব গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, এখন কোনো দল বা সংগঠনের স্বার্থের বিষয় নয়, বরং গণতন্ত্র রক্ষার প্রশ্ন। যারা বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখতে চান, তাদের শুধু সচেতন থাকলেই চলবে না—রুখে দাঁড়াতে হবে।

সভায় বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন