বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য নির্ধারিত লন্ডন–ঢাকা রুটের বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট থেকে দুই কেবিন ক্রুকে সরিয়ে নেওয়া হয়েছে। প্রত্যাহার হওয়া ওই দুই কেবিন ক্রু হলেন জুনিয়র পার্সার মো. সওগাতুল আলম সওগাত ও ফ্লাইট স্টুয়ার্ডেস জিনিয়া ইসলাম।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ভিআইপি যাত্রীর নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনার বিষয়টি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি দায়িত্বশীল সূত্রের দাবি, গোয়েন্দা প্রতিবেদনে রাজনৈতিক সংশ্লিষ্টতার তথ্য উঠে আসায় তাদের ওই ফ্লাইটের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
সূত্র আরও জানায়, সম্প্রতি আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে ওই দুই কেবিন ক্রুর ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে আলোচনা শুরু হয়। অভিযোগ রয়েছে, তারা নিয়মিত সাবেক সংসদ সদস্য শেখ সেলিমের ফ্লাইট পরিচালনার দায়িত্বে যুক্ত ছিলেন। এসব বিষয় গোয়েন্দা প্রতিবেদনে অন্তর্ভুক্ত থাকায় ভিআইপি যাত্রীর নিরাপত্তা নিয়ে সম্ভাব্য ঝুঁকির কথা উল্লেখ করা হয়।
বিমান কর্তৃপক্ষ জানায়, তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি–২০২ ফ্লাইটটি আগামী বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় যুক্তরাজ্যের লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবে। ওই ফ্লাইটে তারেক রহমানের পরিবারের সদস্যদের পাশাপাশি বিএনপির শীর্ষ পর্যায়ের একাধিক নেতার থাকার সম্ভাবনা রয়েছে।
পরিস্থিতি বিবেচনায় ফ্লাইট সার্ভিস বিভাগ পরবর্তীতে ওই ফ্লাইটে জুনিয়র পার্সার মোস্তফা ও ফ্লাইট স্টুয়ার্ডেস আয়াতকে অন্তর্ভুক্ত করেছে। সংশ্লিষ্টরা জানান, ভিআইপি যাত্রী পরিবহনের ক্ষেত্রে অতীতেও নিরাপত্তাজনিত কারণে এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের ২ মে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একটি ফ্লাইট থেকেও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুই কেবিন ক্রুকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। সে সময়ও ভিআইপি নিরাপত্তা ও রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়টি কারণ হিসেবে উল্লেখ করা হয়।
এলএনডি/এমআর






