আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার দুটি গুরুত্বপূর্ণ আসনে বিএনপির শীর্ষ নেতৃত্বের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) দুপুরে বগুড়া শহরের গোহাইল রোডে জেলা নির্বাচন অফিস থেকে বেগম খালেদা জিয়ার পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এই মনোনয়নপত্র উত্তোলন করেন।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে হেলালুজ্জামান লালু বলেন, বগুড়া-৭ আসনটি বেগম খালেদা জিয়ার নিজ এলাকা। এখান থেকে তিনি টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বগুড়ার মানুষ তাদের প্রিয় নেত্রীকে আবারও সংসদে দেখতে আগ্রহী। এবার তাকে সর্বোচ্চ ভোটে বিজয়ী করাই আমাদের লক্ষ্য।
অন্যদিকে, একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন।
দলীয় সূত্র জানায়, এই নির্বাচনের মাধ্যমে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন তারেক রহমান। বিএনপি ক্ষমতায় থাকাকালে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি দলের যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০০৯ সালে দলের জাতীয় কাউন্সিলে সিনিয়র যুগ্ম মহাসচিব নির্বাচিত হন এবং ২০১৮ সাল থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন।
বগুড়ার দুটি আসনে বিএনপির শীর্ষ নেতৃত্বের মনোনয়ন ফরম সংগ্রহের খবরে গাবতলী, শাজাহানপুর ও সদর এলাকায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত হলে উভয় আসনেই বিএনপি বড় ধরনের জনসমর্থন পাবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় নেতারা।
এলএনডি/এমআর






