দেশে ‘মবোক্রেসি’ বা উচ্ছৃঙ্খল জনতার আধিপত্য সৃষ্টি হওয়াকে সরকারের দুর্বলতার প্রতিফলন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্টভাবে জানান, এমন পরিস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
রোববার (২১ ডিসেম্বর) রাজধানীর বনানীতে গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সম্প্রতি প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলার প্রসঙ্গ তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, নির্দিষ্ট কিছু গণমাধ্যমকে উদ্দেশ্য করে পরিকল্পিতভাবে আঘাত করা হয়েছে। তিনি অভিযোগ করেন, এসব ঘটনার পূর্বাভাস থাকা সত্ত্বেও প্রয়োজনীয় সতর্কতা ও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
তিনি প্রশ্ন তুলে বলেন, কেন এমন পরিস্থিতির সৃষ্টি হলো। তার ভাষায়, দেশে মবোক্রেসির উত্থান সরকারের দুর্বলতারই বহিঃপ্রকাশ। এসব ঘটনা শক্ত হাতে দমন না করলে পরিস্থিতি আরও অবনতির দিকে যাবে বলেও সতর্ক করেন তিনি। বাংলাদেশে বিশৃঙ্খল জনতার শাসন দেখতে কেউ আগ্রহী নয় বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা।
গণমাধ্যমের দায়িত্ব প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, সাংবাদিকদের ব্যক্তিগত মতাদর্শ বা রাজনৈতিক অবস্থান ভিন্ন হতে পারে, তবে দেশের স্বার্থে সবাইকে দায়িত্বশীল ও দেশমুখী ভূমিকা রাখতে হবে।
এ সময় তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের মাধ্যমে গণতন্ত্রের ভিত্তি আরও শক্তিশালী হবে। এ লক্ষ্য বাস্তবায়নে গণমাধ্যমের সহযোগিতাও প্রত্যাশা করেন তিনি।
বিএনপির এই নীতিনির্ধারক বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বিএনপি সবার সহযোগিতা চায়। এটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার কথা বললেও ফ্যাসিবাদী শাসনের সময়কার ঘটনাগুলো ভুলে যাওয়ার সুযোগ নেই বলেও তিনি উল্লেখ করেন।
এলএনডি/এমআর






