ন‍্যাক্কারজনক হামলার ঘটনা নির্বাচনকে অনিশ্চিত করার ষড়যন্ত্র

Liberty News Desk
ছবি : সংগৃহীত

দেশে পরিকল্পিতভাবে সৃষ্ট নৈরাজ্য ও ন্যাক্কারজনক হামলার ঘটনাকে জাতীয় নির্বাচন এবং গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়া অনিশ্চিত করার গভীর ষড়যন্ত্র হিসেবে দেখছে বিএনপি। এ পরিস্থিতিতে পুরনো ও চিহ্নিত অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। লন্ডন থেকে ভার্চুয়ালি বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৈঠক শেষে দলের সিদ্ধান্তসমূহ সাংবাদিকদের সামনে তুলে ধরেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গতকাল সন্ধ্যায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় অকাল মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপি গভীর শোক প্রকাশ করছে এবং তীব্র নিন্দা জানাচ্ছে। একই সঙ্গে দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি পুনর্ব্যক্ত করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, এই মৃত্যুকে কেন্দ্র করে মধ্যরাতে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারসহ কয়েকটি গণমাধ্যম কার্যালয়ে একদল উশৃঙ্খল ব্যক্তি অগ্নিসংযোগ চালায়। এতে কর্মরত সাংবাদিকদের জীবন মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ে। পাশাপাশি সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ সম্পাদক, জুলাইয়ের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অন্যতম সাহসী কণ্ঠ দেশবরেণ্য সাংবাদিক নুরুল কবিরের ওপর হামলার ঘটনাও ঘটেছে। এসব ঘটনার তীব্র নিন্দা ও ঘৃণা জানায় বিএনপি।

তিনি আরও বলেন, এসব ঘটনা প্রমাণ করে একটি পুরনো ও চিহ্নিত মহল দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে চাইছে। তারা বহু ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত ভোটাধিকার এবং গণতান্ত্রিক অধিকার ধ্বংস করে দেশে নতুন করে ফ্যাসিবাদ কায়েমের অপচেষ্টা চালাচ্ছে। সরকারের চোখের সামনেই এসব কার্যক্রম চললেও জনগণের ধারণা—সরকারের ভূমিকা সন্তোষজনক নয়। এর ফলে দেশের ভেতরে ও আন্তর্জাতিক অঙ্গনে সরকারের পাশাপাশি রাষ্ট্রের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বিএনপি মহাসচিব উল্লেখ করেন, ইতোমধ্যে হত্যাকাণ্ডের প্রতিবাদে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন ন্যায়বিচারের দাবিতে সোচ্চার হয়েছে এবং সরকারের ওপর চাপ সৃষ্টি করছে। এমন প্রেক্ষাপটে ধারাবাহিক নৈরাজ্য ও সহিংস হামলার ঘটনাগুলো আসন্ন জাতীয় নির্বাচন ও গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার সুস্পষ্ট ষড়যন্ত্র বলেই বিএনপি মনে করে।

তিনি বলেন, শান্তিপ্রিয় দেশবাসীর পক্ষ থেকে এই ষড়যন্ত্রকারীদের স্পষ্টভাবে সতর্ক করে দিতে চাই—অগণিত ত্যাগে অর্জিত এই দেশকে ধ্বংসের পথে যেতে দেওয়া হবে না। এসব অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার এখনই সময়। নৈরাজ্যবিরোধী সব রাজনৈতিক ও সামাজিক শক্তির সম্মিলিত ঐক্যের কোনো বিকল্প নেই। যে ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ও জাতীয় নির্বাচন আদায় করা হয়েছে, সেই ধারাবাহিকতায় সব দেশপ্রেমিক শক্তিকে আবারও এক কাতারে আসার আহ্বান জানানো হচ্ছে।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান এবং মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। এছাড়া দেশের বাইরে বা ঢাকার বাইরে অবস্থান করায় আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু ও অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ভার্চুয়ালি বৈঠকে অংশ নেন।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন