ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে শাহবাগে জড়ো হচ্ছেন ছাত্র-জনতা

Liberty News Desk
ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের অগ্রভাগের যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে রাজধানীর শাহবাগে জড়ো হতে শুরু করেছেন ছাত্র ও সাধারণ মানুষ। কেউ মিছিল নিয়ে, কেউ আবার ব্যক্তিগত উদ্যোগে শাহবাগে উপস্থিত হচ্ছেন। হাতে জাতীয় পতাকা, মুখে স্লোগান—“ফ্যাসিবাদের কালো হাত গুঁড়িয়ে দাও”, “এই বাংলায় আওয়ামী লীগের আস্তানা হবে না”, “হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না”—এমন নানা প্রতিবাদী কণ্ঠে মুখর হয়ে উঠেছে এলাকা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে দেখা যায়, রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে ছাত্র-জনতা শাহবাগে এসে সমবেত হচ্ছেন।

শনিরআখড়া থেকে আসা মাদ্রাসা শিক্ষার্থী আশফাকুর রহমান আবেগঘন কণ্ঠে বলেন, আমরা একজন সত্যিকারের দেশপ্রেমিককে হারিয়েছি। রাতে ঘুমাতে পারিনি। প্রতিবাদ জানাতে সকালেই এখানে চলে এসেছি। ওসমান হাদির মতো সাহসী মানুষকে হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত।

রামপুরা থেকে শাহবাগে আসা ইমরুল কায়েস বলেন, ওসমান হাদির মৃত্যু পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে। আমরা শোককে শক্তিতে রূপান্তর করব। এই হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।

এর আগে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাজধানীজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তার মৃত্যু সংবাদে রাত থেকেই বিভিন্ন এলাকায় ছাত্র-জনতা বিক্ষোভে ফেটে পড়ে।

উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক শরিফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগকালে চলন্ত রিকশায় থাকা অবস্থায় দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন। মাথায় গুলিবিদ্ধ হয়ে প্রথমে ঢাকায় এবং পরে সিঙ্গাপুরে নেওয়া হলেও দীর্ঘ চিকিৎসা শেষে বৃহস্পতিবার রাতে তিনি মৃত্যুবরণ করেন।

তার এই মৃত্যুকে কেন্দ্র করে রাজধানী ঢাকা বর্তমানে উত্তাল ও থমথমে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন