স্বাধীনতাবিরোধীরা আবারও মাথাচাড়া দিয়ে উঠতে চায় : মির্জা ফখরুল

Liberty News Desk
ছবি : সংগৃহীত

স্বাধীনতাবিরোধী শক্তি আবারও সক্রিয় হওয়ার অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে এসব ষড়যন্ত্র রুখে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ১৯৭১ সালে যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই আজ নতুন করে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশের স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রকামী মানুষ তাদের সব অপচেষ্টা ব্যর্থ করে দেবে।

বিএনপি মহাসচিব আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মাধ্যমে যে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল, তার চূড়ান্ত বিজয় আসে ১৬ ডিসেম্বর। এ কারণেই দিনটি বিএনপির কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

তিনি জানান, বিজয় দিবসে দলের পক্ষ থেকে স্বাধীনতার ঘোষকের সমাধিতে শ্রদ্ধা জানানো হয়েছে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম অব্যাহত রাখার শপথ নেওয়া হয়েছে। একই সঙ্গে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন চলমান থাকবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বর্তমানে বিদেশে অবস্থান করছেন। আশা করা হচ্ছে, আগামী ২৫ ডিসেম্বর তিনি দেশে ফিরবেন। তার প্রত্যাবর্তন গণতন্ত্রের আন্দোলনকে আরও শক্তিশালী করবে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানো হয়। পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিও শ্রদ্ধা নিবেদন করা হয়।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ করেন মির্জা ফখরুল। পরে মরহুম নেতার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন নেতারা।

এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য, উপদেষ্টা পরিষদের সদস্য, যুগ্ম মহাসচিব, মহানগর ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনও জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করে।

বিজয় দিবস উপলক্ষে সকাল থেকেই শেরেবাংলা নগরে নেতাকর্মীরা স্লোগান ও শোভাযাত্রার মাধ্যমে সমবেত হন। এর আগে সকালে বিএনপির পক্ষ থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন