ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এ ঘটনায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, এমন অবস্থায় বর্তমান সিইসি নৈতিকভাবে দায়িত্বে থাকতে পারেন না। একই সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পালন নিয়েও তিনি সংশয় প্রকাশ করেন।
সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে আয়োজিত ‘সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে’ এসব কথা বলেন নাহিদ ইসলাম। এ সময় তিনি ঘোষণা দেন, বিজয় দিবসে উৎসব নয়, প্রতিরোধের কর্মসূচি নিয়ে মাঠে নামবেন তারা।
নাহিদ ইসলাম বলেন, আজ আমরা শহীদ মিনারে একত্র হয়েছি এটা দেখাতে যে আমরা সবাই ঐক্যবদ্ধ। জুলাইয়ের যোদ্ধারা ঐক্যবদ্ধ। এখানে আমরা কেউ রাজনৈতিক পরিচয়ে আসিনি, এসেছি জুলাইয়ের কর্মী হিসেবে।
তিনি বলেন, ওসমান হাদির ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। তারপরও নির্বাচন কমিশন যেভাবে বিষয়টি দেখছে, তা অগ্রহণযোগ্য। এই কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এবং তারা নৈতিকভাবে দায়িত্ব পালনের যোগ্যতা হারিয়েছে।
বিজয় দিবস প্রসঙ্গে তিনি বলেন, আগামীকাল আমরা আনন্দ উদযাপনের জন্য রাস্তায় নামব না, নামব প্রতিরোধের জন্য। সবাইকে আহ্বান জানাই, বিজয় উৎসব নয়—প্রতিরোধের ডাকেই রাস্তায় নামুন। ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও হামলাকারীদের গ্রেপ্তার করা হয়নি, কারা এর পেছনে আছে তাও এখনো উদ্ঘাটন করা যায়নি।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স–কালভার্ট রোড এলাকায় শরিফ ওসমান হাদির ওপর হামলা চালানো হয়। মোটরসাইকেলে আসা দুই ব্যক্তির একজন চলন্ত রিকশায় থাকা হাদির মাথায় গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সর্বশেষ উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে।
চিকিৎসকদের মতে, বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
এলএনডি/এমআর






