ঢাকা-১০ আসনে স্বতন্ত্র নির্বাচন করবেন আসিফ মাহমুদ

Liberty News Desk
ছবিঃ সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো রাজনৈতিক দলের ব্যানারে নয়, বরং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-১০ আসনে লড়াইয়ে নামছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিওবার্তায় তিনি বিষয়টি জানান।

ভিডিওতে সদ্য পদত্যাগ করা অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ১৭ বছর পর দেশের ভবিষ্যৎ নির্ধারণের বাস্তব সুযোগ এসেছে। বিভাজনের রাজনীতি নয়—সকল নাগরিকের জন্য কল্যাণমুখী রাষ্ট্রগঠন এবং নতুন সামাজিক, রাজনৈতিক ও ভূরাজনৈতিক কাঠামো বাস্তবায়ন জরুরি বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, “এই পথ সহজ নয়। তবু মতিউর রহমান, তারামন বিবি, নূর হোসেন, ফেলানী, আবরার ফাহাদ, আবু সাঈদ ও মুগ্ধদের আত্মত্যাগ আমাকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়। আমি এই পুনর্গঠনের লড়াই চালিয়ে যেতে চাই।”

ঢাকা-১০ (ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, নিউ মার্কেট ও কামরাঙ্গীরচরের একাংশ) আসন থেকে স্বতন্ত্র হিসেবে দাঁড়ানোর ঘোষণা দিয়ে আসিফ জানান, বড় রাজনৈতিক দলের সমর্থন, বিপুল কর্মীশক্তি বা অর্থসম্পদ—কিছুই তার নেই। মানুষের সহযোগিতা ও সমর্থনই হবে তার মূল শক্তি।

তিনি বলেন, তিনি শুধু সংসদ সদস্য পদেই নয়, আসন্ন গণভোটেও পরিবর্তনের পক্ষে প্রার্থী। দেশ পরিবর্তনের যে সুযোগ এসেছে, তার পক্ষে জনগণকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তার আগের দিন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম। পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাদের পদত্যাগ গ্রহণের প্রজ্ঞাপন জারি করা হয়।

উল্লেখ্য, গত বছরের ৮ আগস্ট ছাত্রদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদে শপথ নেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুরুতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেও পরবর্তীতে স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বও পান তিনি।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন