আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় প্রচারণাকালেই হামলার ঘটনা ঘটে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, দুপুর আড়াইটার কিছু পর তাকে জরুরি বিভাগে আনা হয়। তার বাম কানের নিচে গুলির চিহ্ন পাওয়া গেছে এবং অবস্থা সংকটজনক।
ডিএমপি মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, ঘটনাটি সম্পর্কে তথ্য যাচাই করা হচ্ছে। পুলিশ টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে, নিশ্চিত হওয়ার পর বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, গত নভেম্বরেই দেশি-বিদেশি বিভিন্ন নম্বর থেকে হত্যার হুমকি পাওয়ার অভিযোগ করেছিলেন ওসমান হাদী। একটি ফেসবুক পোস্টে তিনি জানিয়েছিলেন, তাকে এবং তার পরিবারের সদস্যদের নিয়ে নানা ধরনের ভয়ানক হুমকি দেওয়া হয়েছে।
এলএনডি/এমআর






