দেশপ্রেমিক ও গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “চব্বিশের জুলাইয়ের গণঅভ্যুত্থান একটি ঐতিহাসিক পথ তৈরি করেছে; এখন সেই সুযোগ কাজে লাগিয়ে বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে হবে।”
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে অধ্যাপক ড. মাহবুব উল্লাহর নতুন গ্রন্থ প্রকাশনা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল ড. মাহবুব উল্লাহকে দেশের রাজনৈতিক-সামাজিক পরিসরে এক দূরদর্শী চিন্তাবিদ ও অনন্য ব্যক্তিত্ব বলে উল্লেখ করেন। তিনি বলেন, “ড. মাহবুব উল্লাহ শুধু শিক্ষক নন—তিনি নাগরিক অধিকার, ভোটাধিকার ও ন্যায়ভিত্তিক অর্থনৈতিক কাঠামো প্রতিষ্ঠার আন্দোলনে নিরলসভাবে কাজ করে গেছেন।”
বক্তৃতার এক পর্যায়ে উপমহাদেশে নারী জাগরণের পথপ্রদর্শক বেগম রোকেয়ার জন্মবার্ষিকীতেও শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব।
কবি আবদুল হাই শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, শিক্ষাবিদ অধ্যাপক আহমেদ কামাল, অধ্যাপক হায়াত হোসেন, অধ্যাপক দিলারা চৌধুরী, অধ্যাপক নিলুফার সুলতানা, অধ্যাপক নুরুল আমিন বেপারী, ব্র্যাক চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা নজমুল হক নান্নু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, দৈনিক ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দিন, আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান, পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ, এটিএন বাংলার বার্তা সম্পাদক হাসান আহমেদ চৌধুরী কিরণ এবং অধ্যাপক মাহবুব উল্লাহর বড় মেয়ে নায়লা তাহসিনা মাহবুব।
এলএনডি/এমআর






