বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা ধর্মপরায়ণ মানুষ হলেও ধর্মের ভিত্তিতে রাষ্ট্রকে বিভাজিত করার ধারণাকে সমর্থন করি না। তার মতে, একটি গোষ্ঠী ধর্মকে ব্যবহার করে দেশে বিভেদের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে।
রোববার (৭ ডিসেম্বর) কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে দলের ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ১৫ বছর পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সুযোগ এসেছে, যদিও এ পথে নানা বাধা সৃষ্টি হচ্ছে। বিএনপিকে ঘিরে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে উল্লেখ করে তিনি সাইবারস্পেসে সতর্ক থাকার আহ্বান জানান। তার বক্তব্যে আরও উঠে আসে— দেশকে এগিয়ে নিতে হলে আওয়ামী লীগ সরকারের সময় ক্ষতিগ্রস্ত বিভিন্ন প্রতিষ্ঠানকে নতুন করে পুনর্গঠনের প্রয়োজনীয়তা।
তিনি বলেন, তরুণ সমাজের দৃষ্টিভঙ্গিতে বড় পরিবর্তন এসেছে এবং তারা সর্বক্ষেত্রে পরিবর্তন দেখতে চায়। নতুন বাংলাদেশের ভাবনা এখন সবার মাঝে, তাই পুরোনো রাজনৈতিক কাঠামো আর যথেষ্ট নয়। বিএনপিকে সময়ের প্রয়োজন অনুযায়ী নতুন ভাবনা ও পরিকল্পনায় সাজাতে চান বলেও উল্লেখ করেন তিনি।
খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে তিনি জানান, বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তারেক রহমান নিজে পুরো প্রক্রিয়া তদারকি করছেন এবং স্থানীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞ চিকিৎসকের দল চিকিৎসায় নিয়োজিত। তিনি আশা প্রকাশ করেন, লাখো মানুষের প্রার্থনা অবশ্যই ফলপ্রসূ হবে।
এলএনডি/এমআর






