পচা সমাজকে আমরা বদলাতে চাই : জামায়াত আমির

Liberty News Desk
ফাইল ছবি

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জনগণকে অন্ধকারে রেখে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। জনগণকে সম্পৃক্ত করে স্বচ্ছতার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতেই তাদের লক্ষ্য। তার ভাষায়, ‘এই নষ্ট-পচা সমাজব্যবস্থা আর চলতে পারে না—এটি সংস্কার করতেই হবে, আমরাও সেই পরিবর্তনের পথেই এগোতে চাই।’

তিনি আরও বলেন, যুবসমাজের প্রত্যাশা পূরণ, দেশকে মর্যাদার সঙ্গে দাঁড় করানো এবং মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ার জন্য সবাইকে দোয়া ও সহযোগিতার আহ্বান জানাই। সিদ্ধান্ত গ্রহণের আগে সংশ্লিষ্ট অংশীজনদের মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।

মঙ্গলবার রাজধানীর রোকেয়া সরণির মেহফিল কনভেনশন হলে ওষুধ ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতে ইসলামী ঢাকা-১৫ আসনের উদ্যোগে অনুষ্ঠানে চিকিৎসা খাতের বিভিন্ন প্রতিনিধিরাও বক্তব্য রাখেন।

ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহ মানুষকে বিপুল সম্ভাবনার সম্পদ দিয়েছেন। এই মানবসম্পদকে যথাযথভাবে গড়ে তুলতে সুস্বাস্থ্য এবং সুশিক্ষা—এই দুইটি উপাদান অপরিহার্য। তিনি বলেন, বাড়িঘর কেমন তা বড় বিষয় নয়; কিন্তু সুস্থ থাকা এবং সঠিক শিক্ষা পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, সহীহ হাদীস অনুযায়ী, আল্লাহর কাছে শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে বেশি প্রিয়। এখানে ঈমানের পাশাপাশি শারীরিক সক্ষমতাকেও গুরুত্ব দেওয়া হয়েছে। তাই সুস্থতা বড় একটি নেয়ামত, আর চিকিৎসা গ্রহণ সেই প্রয়োজন থেকেই আসে।

জামায়াত আমির বলেন, একসময় দেশে ওষুধ আমদানি করতে হলেও এখন বহু দেশে রপ্তানি হচ্ছে—এ খাত রপ্তানি আয়ে উল্লেখযোগ্য অবদান রাখছে। সমাজের সুস্থ বিকাশে চিকিৎসাসেবার ভূমিকা অপরিহার্য। শারীরিক চিকিৎসায় চিকিৎসকরা এবং মানসিক স্বাস্থ্যসেবায় সরকারসহ অনেকে অংশ নেন। দায়িত্বশীলতা থাকলে সমাজ এগিয়ে যায়।

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, চিকিৎসা পেশায় হালাল পথে সম্মানজনকভাবে চলার সুযোগ আছে; তবুও অনেকেই ওষুধ কোম্পানির সুবিধার প্রতি ঝুঁকে পড়েন। এতে নিরপেক্ষতা নষ্ট হয় এবং বড় ধরনের অনিয়ম ও দুর্নীতি জন্ম নেয়। এসব কাজে জড়িতদের প্রকাশ্যে জবাবদিহিতার আওতায় আনতে হবে।

তিনি আরও বলেন, ‘অব্যবস্থাপনার বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট—এটি দূর না হওয়া পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাবো, পিছিয়ে যাবো না।’ অনিয়মে জড়িতদের উদ্দেশে তিনি বলেন, হালাল পথে চললে আল্লাহ রিজিকের পথ খুলে দেন এবং জীবনে প্রশান্তি আসে। তিনি স্মরণ করিয়ে দেন, জাহেলিয়াতের অন্ধকার সমাজও আল্লাহর বিধান ও রাসুলের (সা.) দিকনির্দেশনায় আমূল বদলে গিয়েছিল।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন