দেশের ফেরার সিদ্ধান্ত একক নিয়ন্ত্রণাধীন নয় : তারেক রহমান

Liberty News Desk
ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে নিবিড় পরিচর্যায় আছেন বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এমন কঠিন সময়ে মায়ের কাছে যাওয়ার আকাঙ্ক্ষা থাকলেও, তা বাস্তবায়নের বিষয়টি তার একক সিদ্ধান্তে সম্ভব নয়।

শনিবার (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও দেশে ফেরার প্রসঙ্গে এ মন্তব্য করেন।

তারেক রহমান লেখেন, “বেগম খালেদা জিয়া বর্তমানে সংকটাপন্ন অবস্থায় নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার সুস্থতার জন্য দল-মত নির্বিশেষে দেশের সর্বস্তরের মানুষ দোয়া করছেন। প্রধান উপদেষ্টাও তার আরোগ্য কামনা করেছেন এবং চিকিৎসার ক্ষেত্রে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন।”

তিনি জানান, দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা সর্বোচ্চ নিষ্ঠার সাথে চিকিৎসা দিচ্ছেন। বন্ধুপ্রতিম কয়েকটি রাষ্ট্র থেকেও উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তার আগ্রহ প্রকাশ করা হয়েছে।

কৃতজ্ঞতা জানিয়ে তিনি লিখেন, “খালেদা জিয়ার প্রতি জনগণের ভালোবাসা, দোয়া ও সমর্থনের জন্য জিয়া পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। তার দ্রুত সুস্থতার জন্য সবাইকে দোয়া অব্যাহত রাখার অনুরোধ করছি।”

দেশে ফেরার প্রসঙ্গে তিনি আরও বলেন, “এই সময়ে মায়ের সান্নিধ্য পাওয়ার তীব্র ইচ্ছা আমারও আছে। তবে বিষয়টি সম্পূর্ণ আমার নিয়ন্ত্রণে নেই এবং এ নিয়ে বিস্তারিত ব্যাখ্যারও সুযোগ সীমিত। রাজনৈতিক বাস্তবতা অনুকূলে এলে শিগগিরই দেশে ফেরার দীর্ঘ প্রতীক্ষার অবসান হবে বলে আমরা আশাবাদী।”

উল্লেখ্য, চিকিৎসা বোর্ডের তত্ত্বাবধানে সিসিইউতে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের পর্যবেক্ষণে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া ২৩ নভেম্বর ফুসফুসে সংক্রমণ ও হৃৎজনিত সমস্যার কারণে আবার হাসপাতালে ভর্তি হন।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন