সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে আছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে এবং তাকে সিসিইউতেই পর্যবেক্ষণে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, দলের পক্ষ থেকে তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।
এর আগে মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী জানান, খালেদা জিয়ার বুকে সংক্রমণ দেখা দিয়েছে এবং এর প্রভাবে তার হার্ট ও ফুসফুসও আক্রান্ত হয়েছে।
গত রোববার সন্ধ্যায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার উদ্দেশ্যে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় এবং পরে বিস্তারিত পরীক্ষার ভিত্তিতে তাকে ভর্তি করা হয়।
এলএনডি/এমআর






