জুলাই আন্দোলনে নিহত মীর মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ তার ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে লিখেছেন, ‘মাস্টারমাইন্ড পালিয়েছে, কিন্তু তার ‘কসাই’ আমাদের হাতেই, এই কসাই জিয়াউল আহসানের ফাঁসি কবে?’ বৃহস্পতিবার (২০ নভেম্বর) তিনি এই মন্তব্য করেন।
নিজের পোস্টে তিনি মত প্রকাশ করেন যে, তার ভাষায়—গত ১৬ বছর যাকে তিনি ‘স্বৈরাচারের পরিকল্পনাকারী’ হিসেবে উল্লেখ করেছেন, তার নির্দেশ বাস্তবায়নে ভূমিকা রেখেছিলেন জিয়াউল আহসান। তিনি দাবি করেন, এনটিএমসিতে দায়িত্ব পালনকালে কাকে নজরদারিতে রাখা হবে বা কার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে—এসব বিষয়ে ভূমিকা ছিল তাঁর।
তিনি আরও লিখেছেন, আজ স্বৈরাচার পতনের পর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ঘোষিত রায়কে তিনি স্বস্তিদায়ক বলে মনে করছেন। তবে তার মতে, বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রকৃত সফলতা নির্ভর করবে জিয়াউল আহসানসহ অভিযুক্তদের বিচারিক প্রক্রিয়া কীভাবে এগোয় তার ওপর।
পোস্টে তিনি আরও মন্তব্য করেন যে, পূর্ববর্তী সরকারের ঘনিষ্ঠ কিছু ব্যক্তি এখনও সক্রিয় হতে পারে—তাই তিনি দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চান। তার ভাষ্য অনুযায়ী, জনগণ এখন আশ্বাসের চেয়ে কার্যকর পদক্ষেপের প্রত্যাশা করছে।
এলএনডি/এমআর






