হাসিনার রায় ঘিরে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা চলছে : মির্জা ফখরুল

Liberty News Desk
ফাইল ছবি

জুলাই-আগস্টে সংঘটিত গণঅভ্যুত্থানকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে একটি মহল দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে—এ অভিযোগ তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১৬ নভেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির জাতীয় কমিটির আয়োজিত আলোচনা সভায় তিনি এ দাবি করেন।

মির্জা ফখরুল বলেন, “দেশের রাজনৈতিক অঙ্গন এখন বিভ্রান্তি ও অনিশ্চয়তার মধ্যে রয়েছে। পরিস্থিতি জটিল পর্যায়ে পৌঁছেছে। একটি গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে বিশৃঙ্খলা তৈরি করতে চাইছে।”

তিনি আরও বলেন, “নানা হতাশা ও অনিশ্চয়তার মধ্যেও ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাবনা দেখা যাচ্ছে। তাই দেরি না করে সব রাজনৈতিক শক্তিকে নির্বাচন প্রক্রিয়ার প্রতি সমর্থন জানিয়ে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নিতে হবে।”

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি মন্তব্য করেন, “এখনকার অবস্থা স্বাভাবিক নয়। দেশে একটি নির্বাচিত সরকার না থাকলে স্থিতিশীলতা ফিরবে না। তাই দ্রুত জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠন জরুরি।”

আগামী সোমবার শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার রায় ঘোষণাকে ঘিরে উত্তেজনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “সারা দেশে এক ধরণের উদ্বেগ ছড়িয়ে আছে। একটি মহল এ রায়কে সামনে রেখে বিশৃঙ্খলা তৈরির পাঁয়তারা করছে। এমন চেষ্টা হলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করা হবে।”

তিনি আরও বলেন, “এ দেশের মানুষের সবচেয়ে বড় প্রয়োজন—একটি নির্বাচন করা সরকার, যার প্রতি জনগণের আস্থা থাকবে। তাই আর দেরি না করে সব দলকে নির্বাচনী প্রক্রিয়ায় সম্পৃক্ত হতে হবে এবং জনগণকে প্রকৃত প্রতিনিধিকে বেছে নেওয়ার সুযোগ দিতে হবে।”

গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক দিয়ে ফখরুল বলেন, “এসো, গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে এক হয়ে এগিয়ে যাই। ভাসানীর আদর্শকে ধারণ করেই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয় কমিটির সদস্যসচিব শামসুজ্জামান দুদু। আরও বক্তব্য দেন অধ্যাপক মাহবুব উল্লাহ, উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, মহিলা দলের হেলেন জেরিন খান, জাসাসের হেলাল খান, কৃষক দলের তকদীর হোসেন মো. জসিম প্রমুখ।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন