বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জিয়াউর রহমানই প্রথম সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজন করেন এবং রাষ্ট্রের মূলনীতিতে মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস যুক্ত করেন। কিন্তু বর্তমানে সেই বিশ্বাস ও আস্থা যথাযথভাবে প্রতিফলিত হচ্ছে না বলে তিনি মন্তব্য করেন। তার দাবি, বিএনপি সরকারে ফিরলে রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে আবারও আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন করা হবে।
শনিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি আরও উল্লেখ করেন, মুসলমান হিসেবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ—এ আকিদায় অটল থাকা জরুরি। আল্লাহ তায়ালা নবী মুহাম্মদ (সা.)-কে সমগ্র মানবজাতির জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন এবং তিনি শেষ নবী। তার পরে আর কোনো নবী আগমন করার সুযোগ নেই। কেউ নবুয়তের দাবি করলে তা ইসলামের মৌলিক শিক্ষার পরিপন্থী বলেও তিনি মন্তব্য করেন।
আয়োজক কমিটির দায়িত্বশীল মাওলানা মুহিউদ্দীন রব্বানী জানান, কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা এবং খতমে নবুওয়তের মৌলিক বিশ্বাস রক্ষার দাবিকে কেন্দ্র করে আয়োজিত এ সম্মেলনে বিভিন্ন দেশের শীর্ষ আলেমরা অংশ নিয়েছেন।
এলএনডি/এমআর






