নির্বাচনে বিলম্ব করার কোনো যৌক্তিক কারণ নেই : রিজভী

Liberty News Desk
সংগৃহীত ছবি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচন পেছানোর কোনো যৌক্তিক কারণ নেই। অপ্রয়োজনে বিলম্ব ঘটালে দেশে অগণতান্ত্রিক শক্তির পুনরুত্থানের ইঙ্গিত দেখা যাচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন অডিও-ভিডিও বার্তায় হুমকি ও সহিংস বক্তব্য প্রচার করা হচ্ছে, বিদেশ থেকেও রাজনৈতিক ও আর্থিক সহায়তা পাওয়া যাচ্ছে—এসবের প্রভাব দেশে স্পষ্টভাবে পড়ছে।

বুধবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত “জিয়াউর রহমান আর্কাইভ” প্রকাশনা ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, লক্ষ্য করা যাচ্ছে, কিছু গণমাধ্যম নির্দিষ্ট ঘটনার ওপর জোর দিয়ে নিষিদ্ধ সংগঠনগুলোর কর্মকাণ্ডকে বিশেষভাবে প্রচার করছে। অন্তর্বর্তী সরকার অনেক গণতান্ত্রিক শক্তির সমর্থন পেলেও এর ভেতরে কিছু ‘অদৃশ্য শক্তি’ সক্রিয় রয়েছে—যারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত।

তিনি বলেন, যারা স্বাধীনতার নামে রাজনীতি করে স্বাধীনতার মূল চেতনাকে আঘাত করেছে, জনগণ ও মুক্তিযোদ্ধারা তাদের বিরুদ্ধেই ৭ নভেম্বরের বিপ্লব ঘটিয়েছিল। এর নেতৃত্বে ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জাতি যখনই সংকটে পড়ে, ৭ নভেম্বরের চেতনা তখনই মানুষকে প্রেরণা জোগায়। আমাদের জুলাই ২৪-এর গণআন্দোলনও সেই চেতনারই ধারাবাহিকতা।

রিজভী আরও বলেন, জুলাই সনদকে আইনি কাঠামোর মধ্যে আনতে হবে—তবেই জাতীয় লক্ষ্য পূর্ণতা পাবে। প্রক্রিয়ার প্রস্তুতি প্রায় সম্পন্ন, এখন কেবল আইনগত বাস্তবায়ন প্রয়োজন। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে আইন প্রণয়ন এবং সংসদীয় প্রস্তুতি জরুরি। সংসদ নির্বাচন ছাড়া এই প্রক্রিয়া সম্পূর্ণ হবে না।

তিনি আরও অভিযোগ করেন, স্বৈরাচারী শক্তির নির্মমতা অনেক আগেই স্পষ্ট হয়েছে। তারা রাষ্ট্রক্ষমতা ব্যবহার করে বাসে আগুন দেওয়া, মানুষ পুড়িয়ে হত্যার মতো নৃশংসতা চালিয়েছে। এসব ঘটনার দায় বিরোধীদের ওপর চাপালেও বাস্তবে এটি ছিল সরকারের পরিকল্পিত কর্মকাণ্ড। কুমিল্লা, রংপুর ও ঢাকার ঘটনাগুলো তারই প্রমাণ। এখন আবার ময়মনসিংহে মিনিবাস চালককে পুড়িয়ে হত্যা করে একই ধারা পুনরায় শুরু হয়েছে।

শেষে তিনি বলেন, দেশে অর্থের অভাব নেই—তবে ব্যাংক ও আর্থিক খাত থেকে পাচারকৃত অর্থ ব্যবহার করে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে। অর্থনৈতিক অনিয়ম ও রাজনৈতিক অস্থিরতা একসঙ্গে মিলে জাতির স্থিতিশীলতাকে বিপন্ন করছে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন