তালবাহানা না করে দ্রুত নির্বাচনী সিডিউল ঘোষণা করুন : মির্জা ফখরুল

Liberty News Desk
ছবি : সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার তালবাহানা না করে দ্রুত নির্বাচনী তফসিল ঘোষণা করে নির্বাচন আয়োজন করুক, নইলে ব্যর্থ সরকার হিসেবে জনগণের কাছে জবাবদিহি করতে হবে।

বৃহস্পতিবার যশোর টাউন হল ময়দানে দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “কিছু রাজনৈতিক দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তারা ঘেরাও কর্মসূচির মাধ্যমে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে। কিন্তু জনগণ তা মেনে নেবে না।”

তিনি আরও বলেন, “বিএনপি কোনো ভেসে আসা দল নয়; ত্যাগ, সংগ্রাম ও আত্মোৎসর্গের মধ্য দিয়ে এ অবস্থানে এসেছে। কেউ যেন পানি ঘোলা করে দেশকে অস্থিতিশীল করতে না পারে।”

সংস্কার কমিশন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, “৮৩ কোটি টাকা খরচ করে সংস্কার কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছে। আমরা মতামত দিয়েছি, স্বাক্ষরও করেছি। এখন দ্রুত নির্বাচন আয়োজনের সময় এসেছে।”

তিনি স্মরণ করিয়ে দেন, “ইতিহাসের এই সময়ে আমাদের শপথ নিতে হবে— দেশকে আর কোনো আধিপত্যবাদ বা ফ্যাসিবাদের হাতে তুলে দেওয়া যাবে না।”

সভায় যশোর জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা অমলেন্দু দাস অপু, মফিকুল হাসান তৃপ্তি, টিএস আউয়ুব, সাবিরা সুলতানা মুন্নি, আবুল হোসেন আজাদ ও কাজী রওনকুল ইসলাম শ্রাবণ।

শেষে মির্জা ফখরুল যশোর জেলার ছয়টি আসনে বিএনপি প্রার্থীদের বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানান।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন