আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১৫ নভেম্বরের মধ্যে প্রার্থী তালিকা প্রকাশের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, “সমঝোতা বা জোট কেবল আদর্শিক ভিত্তিতেই সম্ভব। জুলাই সনদে আমাদের যে সংস্কারের দাবিগুলো রয়েছে, কোনো দল যদি সেই দাবির সঙ্গে একমত হয়, তাহলে আমরা জোটে যাওয়ার বিষয়টি বিবেচনা করব।”
নাহিদ ইসলাম আরও জানান, “১৫ নভেম্বরের মধ্যেই এনসিপির প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।”
বুধবার (৫ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত গাজী সালাহউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি নিহত সালাহউদ্দিনের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
নাহিদ বলেন, “জুলাই অভ্যুত্থানে আহত গাজী সালাহউদ্দিন চিকিৎসাধীন অবস্থায় ২৬ অক্টোবর মারা যান। আমরা এই ঘটনায় গভীর শোক প্রকাশ করছি। এখনো অনেক জুলাই যোদ্ধা আহত অবস্থায় কষ্ট পাচ্ছেন, অথচ তাদের চিকিৎসার দায়িত্ব সরকার ঠিকভাবে নেয়নি। ফলে শহীদের সংখ্যা বাড়ছে।”
তিনি সরকারের প্রতি আহ্বান জানান, আহত ও শহীদ পরিবারগুলোর চিকিৎসা ও পুনর্বাসনের দায়িত্ব নেওয়ার জন্য। “নির্বাচনী ব্যস্ততার মধ্যেও যেন আমরা এই মানুষগুলোর কথা না ভুলি,” বলেন তিনি।
নাহিদ ইসলাম আরও বলেন, “পরবর্তী সরকার যেই আসুক, আহতদের চিকিৎসার নিশ্চয়তা দিতে হবে। গাজী সালাহউদ্দিনের পরিবারের পাশে আমরা আছি, তবে রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে—এটাই আমাদের দাবি।”
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আমরা এককভাবে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছি। ৩০০ আসনে প্রার্থী দেওয়ার লক্ষ্য আমাদের রয়েছে। তবে গণতন্ত্রের লড়াইয়ে যেসব নেতা অগ্রণী ভূমিকা রেখেছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছু আসনে প্রার্থী না দেওয়ার বিষয়টি বিবেচনা করছি—যেমন খালেদা জিয়ার আসন।”
তিনি যোগ করেন, “আজকের রাজনীতিতে টাকার জোরে ও প্রভাবশালীদের ছত্রছায়ায় প্রার্থী হয় মানুষ। আমরা এই সংস্কৃতি বদলাতে চাই। খেটে খাওয়া মানুষ, শিক্ষক, ইমাম ও সামাজিকভাবে সম্মানিত ব্যক্তিদের সংসদে পাঠাতেই আমাদের প্রচেষ্টা।”
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও শৃঙ্খলা কমিটির প্রধান আবদুল্লাহ আল আমিন, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তামিম আহমেদ, কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনু এবং জাতীয় যুবশক্তির সিনিয়র সহসভাপতি তুহিন খান প্রমুখ।
এলএনডি/এমআর






