জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) নতুন আরও তিনটি রাজনৈতিক দলকে নিবন্ধন দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।
সংবাদ সম্মেলনে সচিব জানান, নতুন করে নিবন্ধন পাওয়া তিনটি দল হলো — জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমজনগণ পার্টি এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)।
তিনি আরও জানান, বুধবার (৫ নভেম্বর) এসব দলের নিবন্ধন বিষয়ে দাবি ও আপত্তি জানানোর জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
১২ নভেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট পক্ষগুলো আপত্তি জানাতে পারবে। নির্ধারিত সময় শেষ হলে দলগুলোর নিবন্ধন সংক্রান্ত গেজেট প্রকাশ করা হবে বলে জানান ইসি সচিব।
এলএনডি/এমআর






