চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির মনোনয়ন না পাওয়ায় লায়ন আসলাম চৌধুরীর সমর্থকরা সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধ ও বিক্ষোভ করেছেন।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে দলীয় প্রার্থী ঘোষণা হওয়ার পরপরই হাজারো সমর্থক রাস্তায় নেমে আসেন। তারা সীতাকুণ্ডের বিভিন্ন পয়েন্টে ব্যারিকেড স্থাপন ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
এর ফলে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। দুই দিকেই শত শত যানবাহন আটকে পড়ে এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। রাত সাড়ে আটটা পর্যন্ত এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছিল। বিক্ষোভকারীরা দাবি জানান, অবিলম্বে সীতাকুণ্ড আসনে আসলাম চৌধুরীকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন দিতে হবে।
উল্লেখ্য, সীতাকুণ্ডে দীর্ঘদিন ধরে বিএনপির হেভিওয়েট প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন দলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বর্তমান কেন্দ্রীয় সদস্য লায়ন আসলাম চৌধুরী। আওয়ামী লীগ সরকারের সময় তিনি রাজপথে সক্রিয় ছিলেন এবং আট বছরেরও বেশি সময় কারাবন্দি অবস্থায় কাটিয়েছেন। এছাড়া ব্যবসায়িকভাবেও বড় ক্ষতির মুখে পড়েছিলেন তিনি।
তবে সোমবার (৩ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঘোষিত প্রার্থী তালিকায় সীতাকুণ্ড আসনে উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী সালাহউদ্দিনের নাম ঘোষণা করা হয়।
এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে আসলাম চৌধুরীর অনুসারীরা জানান, “যিনি আন্দোলন-সংগ্রামে ছিলেন, তাকে বাদ দেওয়া হয়েছে— এটা দলের জন্য হতাশাজনক সিদ্ধান্ত।”
এলএনডি/এমআর






