৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এনসিপি : সারজিস আলম

Liberty News Desk
ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবকটি (৩০০) আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলের উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, সংগঠনকে শক্তিশালী করাই এখন প্রধান লক্ষ্য, যাতে ডিসেম্বরের মধ্যে প্রতিটি ওয়ার্ডে আহ্বায়ক কমিটি গঠন করা যায়।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় নগরীর একটি হোটেলে ময়মনসিংহ বিভাগের চার জেলার আহ্বায়ক ও সদস্য সচিবদের সঙ্গে সাক্ষাৎ শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, “আগামী নির্বাচনে যারা অতীতে গণহত্যা, বিডিআর ট্র্যাজেডি, শাপলা হত্যাকাণ্ডসহ বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে, তারা কোনোভাবেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনে অংশ নিতে পারে না। আওয়ামী লীগ ও তাদের সহযোগী জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণের নৈতিক অধিকার নেই।”

তিনি আরও জানান, আগামী ১৫ নভেম্বরের মধ্যে উত্তরাঞ্চলের আহ্বায়ক কমিটি গঠিত হবে এবং ডিসেম্বরের মধ্যে দেশের প্রতিটি ওয়ার্ডে এনসিপির কমিটি থাকবে। “দলের সাংগঠনিক ভিত্তি ও জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে এই কমিটিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে,” বলেন তিনি।

জোট রাজনীতি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সারজিস আলম বলেন, “যদি কোনো দল ‘জুলাই সনদ’ বাস্তবায়ন ও বিচার প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হয় এবং আওয়ামী ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেয়— তাহলে জনগণের স্বার্থে জোট গঠনের সম্ভাবনা উন্মুক্ত থাকবে।”

তিনি আরও যোগ করেন, “যে কোনো জোট হলেও এনসিপি নিজ নামে এবং ‘শাপলা’ প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেবে।”

নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তিনি বলেন, “ইসি আমাদের প্রতীক প্রদানে অযথা জটিলতা তৈরি করেছে। আইনগত বাধা না থাকা সত্ত্বেও ‘শাপলা’ না দিয়ে ‘শাপলা কলি’ দিয়েছে। তবে নির্বাচন ঘনিয়ে আসায় বিষয়টি আপাতত পেছনে ফেলা হয়েছে। যেহেতু কর্মী-সমর্থকরা প্রতীকটি গ্রহণ করেছে, তাই আমরা ‘শাপলা কলি’ নিয়েই এগোচ্ছি।”

তিনি সতর্ক করে বলেন, “যদি ইসি আবারও একই ধরনের আচরণ করে, তাহলে তাদের প্রতি আস্থা সংকট তৈরি হবে। আমরা চাই, কমিশন তাদের সাংবিধানিক স্বাধীনতা বজায় রেখে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুক, দলীয় স্বার্থে যেন কাজ না করে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার নিভা, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিকিন আলম, এবং কেন্দ্রীয় ও ময়মনসিংহ বিভাগের নেতারা।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন