ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে নিয়ে অশালীন মন্তব্যের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) যুবদল নেতা কাজী মুকিতুজ্জামান বাদী হয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।
মামলার অভিযোগপত্রে বলা হয়, গত ৫ আগস্ট সরকার পতনের পর আসামি নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপি ও এর নেতৃবৃন্দের সুনাম নষ্টের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর ও মানহানিকর মন্তব্য করেছেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ১ নভেম্বর এক বক্তব্যে এনসিপি নেতা নাসীরুদ্দীন বলেন— “জুলাই সনদ নিয়ে একটি বড় দল গুণ্ডামি করছে। ঢাকা মহানগরের একজন নেতা আছেন নয়ন, তিনি একাই এমন পরিমাণ চাঁদাবাজি ও দুর্নীতি করেছেন যে, ওই টাকায় পুরো বাংলাদেশের গণভোট আয়োজন করা সম্ভব। আমরা উনাদের অনেকদিন জমজমের পানি দিয়ে পরিষ্কার করতে চেয়েছি, কিন্তু কাজ হয়নি। এখন হয়তো বুড়িগঙ্গার পানি দিয়েই পরিষ্কার করতে হবে।”
বাদীর অভিযোগ, এই বক্তব্যের মাধ্যমে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের সামাজিকভাবে হেয় ও মানহানিকর অবস্থায় ফেলা হয়েছে।
এর আগে নাসীরুদ্দীন পাটওয়ারীর মন্তব্যের প্রতিবাদ জানিয়েছিল যুবদল।
এলএনডি/এমআর






