নির্বাচন কমিশনের (ইসি) সর্বশেষ প্রতীক তালিকায় যুক্ত হয়েছে ‘শাপলা কলি’ নামের নতুন প্রতীক। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) প্রকাশিত প্রজ্ঞাপনে এটি ১০২ নম্বর প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
তবে এই সিদ্ধান্তে অসন্তোষ ও আপত্তি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির নেতারা অভিযোগ করেছেন, প্রতীক সংক্রান্ত সিদ্ধান্তে ইসি “প্রতারণা” করেছে এবং তা পুনর্বিবেচনা না করলে রাজনৈতিক বিভ্রান্তি বাড়বে।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, “নির্বাচন কমিশন ‘শাপলা কলি’ প্রতীক অন্তর্ভুক্ত করে আমাদের সঙ্গে প্রতারণা করেছে। আমরা ‘শাপলা’ প্রতীক চেয়েছিলাম, কিন্তু তারা তা না দিয়ে ভিন্ন প্রতীক যুক্ত করেছে। এই সিদ্ধান্ত থেকে কমিশনকে অবশ্যই সরে আসতে হবে।”
তিনি আরও বলেন, “একটি মানসিক চাপের পরিবেশ তৈরি করা হচ্ছে। আমাদের অভিজ্ঞতাকে অবমূল্যায়ন করে বলা হচ্ছে— তোমরা এখনো নতুন। কিন্তু আমরা স্পষ্ট করে বলছি, কলি দেওয়া হলে শাপলাও দেওয়া সম্ভব।”
একই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা বলেন, “আমরা স্পষ্টভাবে শাপলা প্রতীক চেয়েছিলাম। তখন বলা হয়েছিল তালিকায় নেই, তাই দেওয়া যাবে না। এখন প্রশ্ন হচ্ছে, ‘শাপলা কলি’ প্রতীক তারা কীভাবে যুক্ত করল— সেটা পরিষ্কার করতে হবে ইসিকে।”
তিনি আরও জানান, নতুন চারটি প্রতীক সংযোজনের পরপরই দলটি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে।
এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনসিপির মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন বলেন, “ইসি কোন মানদণ্ডে ‘শাপলা কলি’ প্রতীককে অনুমোদন দিয়েছে, তা আমাদের জানা দরকার। নতুন প্রতীকগুলো নিয়ে আমরা দলীয় ফোরামে আলোচনা করব, এরপর সিদ্ধান্ত নেওয়া হবে।”
এলএনডি/এমআর






