রাষ্ট্রের টেকসই উন্নয়ন ও সুরক্ষার জন্য উপযুক্ত ও আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “প্রতিটি মানুষের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভাকে বিকশিত করতে হবে— সেটিই রাষ্ট্র গঠনের মূল ভিত্তি।”
শনিবার বিকেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খন্দকার শামসুল আলম ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, “রাষ্ট্রকে এগিয়ে নিতে হলে শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করে সাজাতে হবে। আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা ছাড়া বর্তমান বিশ্বের সঙ্গে তাল মেলানো সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “প্রতিটি মানুষ কোনো না কোনোভাবে প্রতিভাধর। সেই প্রতিভাকে চিহ্নিত করে বিকাশের সুযোগ দিতে হবে। তবেই ব্যক্তি ও রাষ্ট্র উভয়ই উন্নতির পথে এগিয়ে যাবে।”
বিএনপি নেতার ভাষায়, “রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রস্তাবনার অংশ হিসেবে বিএনপি ইতোমধ্যে শিক্ষা সংস্কারে বিশেষজ্ঞদের নিয়ে একটি টিম গঠন করেছে, যারা সময়োপযোগী শিক্ষা কাঠামো নির্মাণে কাজ করছে।”
এলএনডি/এমআর






