জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কেবল কাগজে লেখা জুলাই সনদ নয়, এর বাস্তবায়নের নিশ্চয়তা পেলেই তাতে স্বাক্ষর করা হবে। এই সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি করার অনুরোধ করা হয়েছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি। তিনি বলেন, “সরকার প্রধান হিসেবে এ আদেশ জারি করার এখতিয়ার তাঁরই, রাষ্ট্রপতির নয়।”
বুধবার (২২ অক্টোবর) প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
তিনি আরও জানান, সনদের ‘নোট অব ডিসেন্ট’ কার্যকর হবে না, পুরো সনদটি গণভোটে তোলা হবে। এর পরবর্তী সংসদ নতুন সংবিধান প্রণয়ন করবে। সরকারের সিদ্ধান্তই নির্ধারণ করবে, এনসিপি সনদে স্বাক্ষর করবে কি না।
প্রশাসনিক নিয়োগ ও বদলি প্রসঙ্গে এনসিপি আহ্বায়ক বলেন, “শোনা যাচ্ছে, বিভিন্ন বড় দল প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে নিজেদের লোক বসানোর চেষ্টা করছে— এমনকি ডিসি-এসপি পর্যায়েও ভাগাভাগির অভিযোগ উঠেছে। উপদেষ্টা পরিষদের কিছু সদস্যও এতে সহায়তা করছেন বলে জানা গেছে।” তিনি এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
নির্বাচন কমিশন নিয়ে তিনি বলেন, “বর্তমান কমিশনের গঠন ও আচরণ নিরপেক্ষতার ঘাটতি নির্দেশ করে। কেউ কারও পক্ষে কাজ করছে, আবার কারও প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে। ফলে কমিশন পুনর্গঠনের প্রয়োজনীয়তা স্পষ্ট হয়ে উঠেছে।”
এলএনডি/এমআর






