বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “দেশের সাধারণ মানুষ পিআর বোঝে না, আমরাও পুরোপুরি বুঝি না। এখন যারা পিআর নিয়ে এত আলোচনা করছেন, তারা দুই বা পাঁচ বছর আগে এই বিষয়টি কেন উত্থাপন করেননি? এখন কেন হঠাৎ করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন?”
তিনি আরও বলেন, “জনগণ জানে তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবে। ভোট দিতে হলে আগে তো প্রার্থীকে চিনতে হবে। এলাকার সংসদ সদস্য কে হবেন, যদি তা মানুষ জানতেই না পারে, তবে একদিন হঠাৎ ঘুম থেকে উঠে দেখে যে অমুক ব্যক্তি তাদের প্রার্থী—তাহলে সেটা জনগণের কাছে কতটা গ্রহণযোগ্য হবে? কিছু কিছু দল আনুপাতিক নির্বাচন (পিআর) পদ্ধতি নিয়ে আসছে, যা আসলে জনগণের সঙ্গে প্রতারণা এবং তাদের মনোযোগ অন্যদিকে সরিয়ে দেওয়ার কৌশল। জনগণ এমন বিভ্রান্তি কখনো মেনে নেবে না।”
সোমবার (২০ অক্টোবর) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ফুলমুড়ি গ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দৃষ্টিহীন গায়ক জাহাঙ্গীর আলমের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।
রিজভী আরও বলেন, “নির্বাচন মানেই গণতন্ত্র নয়, তবে নির্বাচন হলো গণতন্ত্রের জ্বালানি। যেমন গাড়িতে চাকা ও ইঞ্জিন থাকলেও জ্বালানি না দিলে গাড়ি চলে না, তেমনি নির্বাচন ছাড়া গণতন্ত্রও চলতে পারে না। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনই গণতন্ত্রের অগ্রযাত্রার শক্তি।”
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সেলিম ভূঁইয়া, “আমরা বিএনপি পরিবার”-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমান, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান ওয়াসিম।
এলএনডি/এমআর






