বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘জুলাই সনদে স্বাক্ষর করা বা না করা সম্পূর্ণভাবে রাজনৈতিক দলগুলোর নিজস্ব সিদ্ধান্ত। কোনো দল চাইলে পরবর্তীতে এতে যোগ দিতে পারে। এতে তারা প্রক্রিয়া থেকে বাদ পড়ছে না। সম্ভবত তাদের কিছু দাবি বা প্রত্যাশা পূরণ হয়নি।’
শুক্রবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি, একটি দল জানিয়েছে তারা অনুষ্ঠানে উপস্থিত থাকবে না, তবে পরবর্তীতে আলোচনায় অংশ নিতে পারে।’
জাহিদ হোসেন বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কারও উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। কে সই করছে, কে করছে না— এসব নিয়ে এখন সারা দেশ নজর রাখছে। রাষ্ট্র যখন কোনো সিদ্ধান্ত নেয়, তখন তার বাস্তবায়ন নিয়ে সন্দেহের সুযোগ থাকে না।’
এলএনডি/এমআর






