বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের সফলতা দেশের জন্য গুরুত্বপূর্ণ। এই সরকার সংস্কার কার্যক্রম সম্পন্ন করে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বাধীন নির্বাচন আয়োজন করবে—এটাই এখন প্রধান প্রত্যাশা।
মঙ্গলবার (৭ অক্টোবর) গণমাধ্যমের সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, “আমরা শুরু থেকেই বলে আসছি, অন্তর্বর্তী সরকার যেন সফল হয়। তাদের কাজের সুযোগ অনেক, তবে সবচেয়ে জরুরি দুটি দিক হলো—প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করা এবং একটি সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের আয়োজন করা।”
তিনি আরও বলেন, “বর্তমান সরকারের মূল দায়িত্ব হলো সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করে একটি নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করা। আমরা আশা করি, তারা দায়িত্বশীলভাবে তা সম্পাদন করবেন।”
সাক্ষাৎকারে এক প্রশ্নে তাকে জিজ্ঞেস করা হয়—৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে। গত এক বছরে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে যে শীতলতা তৈরি হয়েছে, বিএনপি সরকারে এলে তা পরিবর্তনের উদ্যোগ নেওয়া হবে কি না।
জবাবে তারেক রহমান বলেন, “যদি তারা একজন স্বৈরশাসককে আশ্রয় দিয়ে বাংলাদেশের জনগণের বিরাগভাজন হন, সেটি তাদের সিদ্ধান্ত। বাংলাদেশের মানুষ ইতিমধ্যে তাদের অবস্থান পরিষ্কার করেছে, তাই আমাকেও আমার দেশের মানুষের সঙ্গে থাকতে হবে।”
এর আগে সোমবার প্রচারিত সাক্ষাৎকারের প্রথম পর্বে তারেক রহমান জানান, তিনি শিগগিরই দেশে ফিরবেন এবং নির্বাচনে অংশ নেবেন। প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এ সিদ্ধান্ত জনগণের এবং দলের—আমার নয়।”
এলএনডি/এমআর






