শাপলা প্রতীক নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে রহস্যময় পোস্ট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে এক গণমাধ্যমে সিইসির বক্তব্য প্রকাশিত হওয়ার পর সেই সংবাদটির স্ক্রিনশট নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেন তিনি।
সেই পোস্টে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন— “কারণ উপরের অনুমতি নেই। উত্তর দিক থেকে সিগন্যাল নেই।”
তবে তিনি এ বক্তব্যে কাকে বা কী বোঝাতে চেয়েছেন তা পরিষ্কার করেননি।
অন্যদিকে, নির্বাচন কমিশন কোনো গোয়েন্দা সংস্থার তথ্যের ওপর নির্ভর করে তদন্ত করতে চায় না বলে জানিয়েছেন সিইসি নাসির উদ্দিন। তিনি বলেন, “শাপলা প্রতীক কেন দেওয়া হবে না, সে বিষয়ে ব্যাখ্যা দেওয়া কমিশনের দায়িত্ব নয়। এটি কমিশনের নিজস্ব সিদ্ধান্ত। ইসি নিরপেক্ষভাবে কাজ করতে চায়, কারও নির্দেশে নয়।”
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অগ্রগতি বিষয়ক আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
শাপলা প্রতীক প্রসঙ্গে তিনি আরও বলেন, “আগে নাগরিক ঐক্যও শাপলা প্রতীক চেয়েছিল, কিন্তু তাদেরও দেওয়া হয়নি। সে বিষয় নিয়ে তেমন আলোচনা হয়নি। তাহলে এনসিপির ক্ষেত্রে এত প্রশ্ন কেন? ইসি কারও চিঠি বা বক্তব্যে প্রভাবিত হয় না।”
সিইসি আশাবাদ ব্যক্ত করেন, সব রাজনৈতিক দল নির্বাচনের আগে সমঝোতায় আসবে। তিনি বলেন, “কোনো দল এখন পর্যন্ত নিয়ম ভাঙার মানসিকতা দেখায়নি। কমিশন সর্বশক্তি দিয়ে অবাধ ভোটের পরিবেশ নিশ্চিত করতে কাজ করবে। নতুন রাজনৈতিক দল নিবন্ধনের ক্ষেত্রেও কমিশন সতর্ক। স্বচ্ছতার স্বার্থে যেসব দলের বিরুদ্ধে নতুন আপত্তি উঠছে, তাদের বিষয়ে আবার খোঁজ নেওয়া হচ্ছে।”
তিনি আরও জানান, প্রবাসী ভোটারদের ভোটগ্রহণে সফল হতে চায় কমিশন। রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি চলছে। ঐতিহাসিক নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর ইসি।
এলএনডি/এমআর






