সফরসঙ্গীদের অনিরাপদ রেখে সরকারপ্রধানের প্রস্থান লজ্জাজনক : আবিদ

Liberty News Desk
ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান বলেছেন, সফরসঙ্গীদের অনিরাপদ রেখে সরকারপ্রধানের প্রস্থান অত্যন্ত লজ্জাজনক।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে তিনি লেখেন, রাজনৈতিক সফরে সঙ্গী করা নেতাদের নিরাপত্তাহীন অবস্থায় রেখে প্রধানমন্ত্রীর এয়ারপোর্ট ত্যাগ দুঃখজনক।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। সেখানে পৌঁছানোর পর তার ওপর ডিম নিক্ষেপ করা হয় এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে লক্ষ্য করে অশালীন মন্তব্য করেন।

এ ঘটনায় আওয়ামী লীগকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম। সর্বশেষ ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী ছিলেন তিনি। ফেসবুকে দেওয়া এক পোস্টে হামিম লিখেছেন, যেখানে আওয়ামী লীগ সেখানেই সংঘর্ষ হবে—আজ থেকে কোনো ছাড় নেই।

এদিকে ঘটনাটির জন্য অন্তর্বর্তী সরকারকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবীন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, নারীরা রাজনীতিতে আসার পর থেকেই নানা ধরনের কটূক্তি, সাইবার বুলিং ও অশালীন আক্রমণের শিকার হচ্ছেন। কিন্তু নিউইয়র্কে এনসিপি নেত্রী জারাকে যেভাবে গালি ও আক্রমণ করা হলো এবং আখতারের ওপর হামলা চালানো হলো—এটি সরকারের সফরসঙ্গী হয়েও অত্যন্ত নিন্দনীয়।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারকে জবাব দিতে হবে কেন তারা রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিরাপত্তা দিতে পারেনি। বিশেষ করে নারী প্রতিনিধি থাকা সত্ত্বেও তাকে সুরক্ষা না দেওয়া লজ্জাজনক। সরকারের অবশ্যই এর দায় নিতে হবে।

তার মতে, আখতার হোসেন শুধু এনসিপির নেতা নন, বরং স্বৈরতন্ত্রবিরোধী আন্দোলনের প্রতীক। দীর্ঘ সময় রাজপথে সংগ্রাম করে তিনি গণতান্ত্রিক পরিবর্তনের পথ তৈরি করেছেন। অথচ যিনি এত অবদান রেখেছেন, তাকেই নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছে। তিনি হুঁশিয়ারি দেন, এনসিপি এ ঘটনার জবাব রাজপথেই দেবে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন