বিএনপিকে রাজনীতি থেকে সরানোর ষড়যন্ত্র চলছে : রিজভী

Liberty News Desk
ছবি : সংগৃহীত

ওয়ান-ইলেভেনের সময়কার মতো বিএনপিকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দেওয়ার জন্য নতুন করে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন। অনুষ্ঠানে নারায়ণগঞ্জের ব্যবসায়ী মাসুদুজ্জামান মাসুদ ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

রিজভী বলেন, “৫ আগস্টের পর থেকেই বিএনপির বিরুদ্ধে পরিকল্পিতভাবে ভয়ঙ্কর অপপ্রচার চালানো হচ্ছে। যখন আমরা সাংগঠনিক কার্যক্রম জোরদার করছি, তখন সরকারের উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক মহল বিএনপিকে টার্গেট করছে। বিষয়টি ওয়ান-ইলেভেনের তত্ত্বের সঙ্গে তুলনীয়।”

তিনি আরও দাবি করেন, জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বিএনপিকে ঘিরে ষড়যন্ত্র অব্যাহত আছে। দুর্গাপূজা উপলক্ষে নাশকতা বা অপ্রীতিকর ঘটনার চেষ্টা হতে পারে বলেও আশঙ্কা করেন তিনি। এজন্য সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা ও নির্বিঘ্নে পূজা আয়োজন নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের পূজামণ্ডপে প্রহরীর মতো অবস্থান করার নির্দেশ দেন রিজভী।

তিনি অভিযোগ করেন, ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ততার অজুহাতে অনেক দক্ষ কর্মকর্তাকে প্রশাসনে উপেক্ষা করা হচ্ছে, আর ডিসি-এসপি পদে নিয়োগ দেওয়া হচ্ছে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সমর্থিতদের। এ সময় তিনি সিনিয়র সচিব মোখলেস উর রহমানের ভূমিকাকেও সমালোচনা করেন।

নতুন যোগদানকারী মাসুদুজ্জামান মাসুদ বিএনপির মাধ্যমে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে সক্রিয় ভূমিকা রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটুসহ অনেকে।

দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে পারেন মাসুদুজ্জামান মাসুদ। এর আগে একাদশ সংসদ নির্বাচনে এ আসন থেকে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে নাগরিক ঐক্যের এস এম আকরাম ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন