ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে জয়ী এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ভিপি নুরুল হক নুর। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। একই সঙ্গে প্রতিকূল পরিস্থিতিতেও ধৈর্য, কৌশল ও দক্ষতার সঙ্গে নির্বাচন সম্পন্ন করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি।
বুধবার (১০ সেপ্টেম্বর) দেওয়া এক বিবৃতিতে নুরুল হক নুর বলেন, নতুন নেতৃত্ব যেন জুলাইয়ের গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে ক্যাম্পাসে ছাত্ররাজনীতির নতুন ধারা তৈরি করে। যেখানে দলীয় রাজনীতির প্রভাবমুক্ত থেকে শিক্ষার্থীদের স্বার্থ ও জাতির কল্যাণে কার্যক্রম চালানো হবে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় যেন হয় পড়াশোনা, গবেষণা, সাহিত্য-সংস্কৃতি, গান-কবিতা, আড্ডা ও গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার প্রাণকেন্দ্র।
একই সঙ্গে তিনি ডাকসু ও হল সংসদ নির্বাচনকে নিয়মিত একাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে ক্যালেন্ডারভুক্ত করার আহ্বান জানান, যাতে প্রতি বছর যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হয়।
এলএনডি/এমআর






