গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন শর্ট টাইম মেমরি লস (স্বল্পমেয়াদি স্মৃতিশক্তি হ্রাস) হয়েছে বলে দাবি করেছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, নুরুল হক নুর অগোছালো কথা বলছেন। দুই ঘণ্টা আগে ওষুধ খেলেও পরে ভুলে যাচ্ছেন খেয়েছেন কিনা।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নুরের শারীরিক অবস্থা দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।
রাশেদ খান বলেন, “নুর অনেক ছোটখাটো বিষয় মনে রাখতে পারছেন না। তার নাক থেকেও রক্তপাত হচ্ছে। যদিও সরকার তাকে বিদেশে নেওয়ার আশ্বাস দিয়েছে, তবে একটি প্রভাবশালী মহল চায় না তিনি সুস্থ হয়ে উঠুন।”
তিনি আরও অভিযোগ করেন, সরকারের অবহেলা ও রাজনৈতিক প্রতিহিংসার কারণে নুরুল হকের শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।
অন্যদিকে শুক্রবার জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় গণঅধিকার পরিষদের কোনো সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন তিনি।
রাশেদ খান বলেন, “জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে আমাদের নেতাকর্মীদের জড়ানোর চেষ্টা করা হচ্ছে। এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।”
এলএনডি/এমআর






