আ.লীগ-জাপা চোরে চোরে মাসতুতো ভাই : সারজিস আলম

Liberty News Desk
ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি চোরে চোরে মাসতুতো ভাই। এক চোর দেশ ছেড়ে পালিয়েছে। যেই চোর এতদিন তাদের ছায়াতলে ছিল সেই চোর এখন তাদের ব্যানারে আশ্রয় দেওয়ার কথা বলছে। চুরি-বাটপারি ছাড়া আওয়ামী লীগের কেউ নেতা হয়নি।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড় জেলা শহরের শেরে বাংলা পার্কে জেলা কুলি-শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সারজিস আলমের মতে, যেমনভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, তেমনি তাদের ঘনিষ্ঠ মিত্র জাতীয় পার্টিরও রাজনৈতিক কার্যক্রম বন্ধ করা উচিত। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হলো অপরাধীদের বিচারের আওতায় আনা, নমনীয়তা দেখানো নয়।

তিনি আরও দাবি করেন, ২০০৯ সালের বিডিআর বিদ্রোহ, শাপলা চত্বরে সহিংসতা, এবং ২০২৪ সালের আন্দোলনে হতাহতের দায় যাদের ওপর বর্তায়, তারা কখনোই রাজনীতি করার সুযোগ পেতে পারে না।

এসময় এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, জাতীয় পার্টিকে ভর করে আওয়ামী লীগকে টিকিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে, যা দেশের জন্য ভয়াবহ। এতে নির্বাচন নয়, বরং অস্থিতিশীলতা বাড়বে। তিনি বিএনপিকেও প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, এত নির্যাতনের সময় জাতীয় পার্টি কোথায় ছিল? তারা তো বরাবরই আওয়ামী লীগের অপকর্মের সহায়তাকারী ছিল।

তুষার আরও বলেন, যারা জাতীয় পার্টির ব্যানারে নির্বাচন করেছে তারা সবাই দুর্নীতিগ্রস্ত। সরকারের উচিত তাদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করা এবং বিচার প্রক্রিয়ায় আনা। শুধু বিবৃতি নয়, এখন কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

তিনি অভিযোগ করে বলেন, ঢাকার হাতিরপুল, মগবাজারসহ বিভিন্ন এলাকায় ছাত্রলীগ-যুবলীগের ক্যাডাররা বড় ধরনের বিশৃঙ্খলার প্রস্তুতি নিচ্ছে, অথচ আইনশৃঙ্খলা বাহিনী চুপ করে আছে।

সারোয়ার তুষারের দাবি, গত ১৫ বছরে বিপুল অর্থ বিদেশে পাচার হয়েছে, যা দেশের উন্নয়ন থেকে জনগণকে বঞ্চিত করেছে। তিনি সরকারকে আহ্বান জানান, সুষ্ঠু নির্বাচন চাইলে ঢাকায় ছড়িয়ে থাকা আওয়ামী লীগ কর্মীদের গ্রেপ্তার করতে হবে এবং জাতীয় পার্টির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুরকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

সভায় পঞ্চগড় জেলা কুলি-শ্রমিক ইউনিয়নের সদস্যসহ স্থানীয় এনসিপি নেতারা উপস্থিত ছিলেন।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন